জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা মহাজোট সরকারের সঙ্গে আছি। এ কথা দেশের সবাই নিঃসন্দেহে স্বীকার করবে। জাতীয় পার্টি মহাজোটে যাওয়ার কারণে মহাজোট বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আমরা আশা করেছিলাম, মহাজোট ক্ষমতায় আসার পর মহাজোটের বৃহত্তম শরিক দল হিসেবে জাতীয় পার্টিকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগ আমাদের সঠিকভাবে মূল্যায়ন করেনি। জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে আমাদের নেতা-কর্মীদের কোনো মূল্যায়ন করা হয়নি। জেলার কোনো কমিটিতে আমাদের স্থান নেই। এমনকি সংসদেও আমাদের কথা বলার সুযোগ নেই, যেখানে আমরা আমাদের দুঃখের কথা তুলে ধরতে পারি। আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে।’জাতীয় পার্টির চেয়ারম্যান গতকাল রোববার রাতে শেরপুর জেলা জাতীয় পার্টির খরমপুরের কার্যালয়ে আয়োজিত এক কর্মিসমাবেশে এসব কথা বলেন। এ সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, দলের ফখরুল ইসলাম, ফয়সাল চিশতী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। কর্মিসমাবেশে শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন বক্তব্য দেন।ময়মনসিংহ অফিস জানায়, শেরপুর যাওয়ার পথে ময়মনসিংহ শহরের চীন মৈত্রী সেতু মোড়ে এক বিশাল পথসভায় বক্তব্য দেন এরশাদ।নেতা-কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘এ সেতুটি আমি করেছি। কিন্তু ক্ষমতা চলে যাওয়ার কয়েক দিন পর সেতুটি উদ্বোধন করে খালেদা জিয়া বলেছিলেন, এ সেতুতে আমার কোনো অবদান নেই। অথচ আমার তৈরি করা সেতুই তিনি উদ্বোধন করেছিলেন।’