মুক্তিযুদ্ধের মূল শক্তি হিসেবে দাবিদার বর্তমান মহাজোট সরকারের উদ্দেশ্য ও তাদের কার্যক্রম জনমনে প্রশ্ন তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির নেতারা।সংবিধানে সাম্প্রদায়িক ধারা বহাল রাখায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, দেশের সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট রায়ের পরও মহাজোট সরকার বাহাত্তরের সংবিধানে ফিরে যায়নি। তা ছাড়া প্রগতিশীল সচেতন মানুষের দাবি সত্ত্বেও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিও দেওয়া হয়নি। রাজধানীর তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সংগঠনের মূল দাবিসংবলিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির আহ্বায়ক কামাল লোহানী।তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি থেকে সরে যাওয়ার অর্থ শহীদদের প্রতি চরম অবমাননা ও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। এই পরিস্থিতি কিছুতেই গ্রহণযোগ্য নয়। সরকারের কার্যক্রমের সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, মহাজোট সরকারের বর্তমান কার্যক্রম দেশকে অস্থিতিশীলতা ও বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। ইসলামধর্ম, কোরআন ও মহানবীর উদাহরণ দিয়ে বলা হয়, রাজনীতিতে ধর্মের এমন অপব্যবহার পৃথিবীর ইতিহাসে বিরল। খোদ মহানবী ধর্মকে কখনো রাজনীতির মধ্যে টেনে আনেননি। তাঁর আমলে হুদায়বিয়ার সন্ধি, মদিনা সনদ বা অন্য কোনো রাষ্ট্রীয় দলিলে তিনি ‘বিসমিল্লাহ’ শব্দটি ব্যবহার করেননি। সংবাদ সম্মেলনে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আজ শনিবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।এ সময় কমিটির সদস্যসচিব বদিউর রহমান, উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, নারীনেত্রী আফরোজা হক প্রমুখ উপস্থিত ছিলেন।