মহাজোট সরকারের ‘সীমাহীন ব্যর্থতার’ পরিপ্রেক্ষিতে প্রগতিশীল গণতন্ত্রকামীদের বিকল্প শক্তি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাম প্রগতিশীলরা। গতকাল শনিবার প্রগতিশীল গণতান্ত্রিক কর্মীদের জাতীয় সম্মেলনে তাঁরা এ আহ্বান জানান। একটি জাতীয় বাম ঐক্যমঞ্চ গঠনই এই সম্মেলনের লক্ষ্য। গতকাল সকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য। সম্মেলনে বাম নেতারা বলেন, মহাজোট সরকারের ওপর থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে। কিন্তু তাদের সামনে কার্যকর কোনো বিকল্প নেই। কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতার উল্লেখ করে বলেন, ‘এর থেকে ধরে নিতে পারি, শাসক দল ওসমানীয় রাজত্ব চাইছে। খালেদা জিয়া চাচ্ছেন গোলাম আযমীয় শাসন।...খালেদা জিয়া দাবি করেন, তিনি লিবারেল ডেমোক্র্যাট, কিন্তু সম্পর্ক রাখেন স্বাধীনতাবিরোধীদের সঙ্গে। তিনি তো মৌলবাদের মা। আর সন্ত্রাসের মা হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এ অবস্থা আমরা মেনে নিতে পারি না।’আবুল মকসুদ আরও বলেন, ‘দুই বড় দল দেশকে ভাগাভাগি করে শাসন করতে চায়। আওয়ামী লীগ কীভাবে চায়, তা গত তিন বছরে আপনারা দেখেছেন।...আমরা ওসমানীয়, গোলাম আযমীয় শাসন চাই না। আমরা চাই গণতান্ত্রিক শাসন।’জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা প্রশ্ন তুলে বলেন, ‘শেখ হাসিনার সরকার তিন বছরে কোন ভালো কাজটি করেছে? সংবিধানের পঞ্চদশ সংশোধনী করে বর্তমান সরকার অগণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মুখোশ উন্মোচন করেছে। সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন করে তুলেছে।’সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আওয়ামী লীগের শাসন থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত ছাড়া জায়গা নেই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে তৃতীয় শক্তির বাম বলয় গঠন করে বলতে পারি, মুখ ঘুরিয়ে আমাদের দিকে আসুন, আমরা দেশ পরিচালনার জন্য প্রস্তুত।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সেদিন দুর্নীতি, দলবাজি, লুটপাটের বিরুদ্ধে যেসব কথা বলে ঐক্য করেছিলাম এখন তা দেখছি না। ‘অযোগ্য’ মন্ত্রীদের অপসারণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করার আহ্বান জানান হাসানুল হক ইনু।স্বাগত বক্তব্যে পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ছে, বাণিজ্যমন্ত্রী বাণিজ্য করছেন, অর্থমন্ত্রী সাফাই গাইছেন।’সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিক রণেশ মৈত্র। আরও যাঁরা বক্তব্য দেন তাঁদের মধ্যে ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, আইনজীবী রানা দাশগুপ্ত, শহীদুল্লাহ সিকদার, কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী প্রমুখ।