মহাজোট সরকারের দুই বছরে কোনো সাফল্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকার গত দুই বছরে কোনো ক্ষেত্রে সফলতা দেখাতে পারেনি। তারা দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। চাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে মহিলা দল।মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে মানুষ এখন আন্দোলনমুখী হয়ে উঠেছে। ধীরে ধীরে যখন আন্দোলনের তীব্রতা বাড়তে থাকবে, তখন সরকার মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবে। তিনি জনপ্রিয়তা যাচাইয়ের জন্য মধ্যবর্তী নির্বাচন দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান। মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘হয় দেশে সুশাসন প্রতিষ্ঠা করুন, নইলে পদত্যাগ করে চলে যান।’সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং দুঃশাসনের দায়েও অভিযুক্ত করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘চাল, ডাল, তেলের দাম নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। অথচ সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, ১০ টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, বিনা মূল্যে সার দেবে। কিন্তু তারা কিছুই করতে পারেনি।’বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, ‘দ্রব্যমূল্য কমাতে না পারলে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’ সমাবেশের পর মিছিল বের হয়। মিছিল বিজয়নগর সড়ক হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।