মহাজোট সরব, বিএনপি মাঠছাড়া
রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। আজ শুক্রবার সকাল আটটায় শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। তাই গতকাল বৃহস্পতিবার দিনভর বগুড়ার সাতটি আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সমর্থিত জাতীয় পাটি-জাসদের প্রার্থীরা জোর প্রচারণা চালিয়েছেন।
একটি আসন ধানের শীষের প্রার্থীশূন্য। অন্য ছয়টিতেও বিএনপি তেমন প্রচারণা চালাতে পারেনি।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)
আওয়ামী লীগ-সমর্থিত নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ আবদুল মান্নান গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত ছিলেন। তিনি নৌকা প্রতীকে ভোট চেয়ে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি, ভেলাবাড়ি, জোড়গাছা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ, পথসভা করেছেন। সঙ্গে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে মাঠে দেখা যায়নি বিএনপির প্রার্থী ও সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলামকে।
বগুড়া-২ (শিবগঞ্জ)
মহাজোটের প্রার্থী জাপার বর্তমান সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহর লাঙ্গল প্রতীকের সমর্থনে গতকাল বগুড়া শহর থেকে কয়েক শ মোটরসাইকেলের একটি শোভাযাত্রা বের করা হয়। সেটি শিবগঞ্জ সদর, ময়দান হাটা, কিচক, বিহারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এদিকে ধানের শীষের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রচারণা চালাতে পারেননি। তিনি দিনভর বগুড়ার একটি হোটেলে অবস্থান করেন।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)
মহাজোটের প্রার্থী জাপার বর্তমান সাংসদ নুরুল ইসলাম তালুকদারকে গতকাল প্রচারণার মাঠে তেমন দেখা যায়নি। তবে লাঙ্গলের পক্ষে প্রচারণা চালিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এই আসনে বিএনপির প্রার্থী মাছুদা মোমিনের অভিযোগ, শেষ মুহূর্তে প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে নামতে না–নামতেই পুলিশ কর্মী-সমর্থকদের ধরপাকড় করছে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)
মহাজোটের প্রার্থী জাসদের বর্তমান সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেন গতকাল নৌকা প্রতীকে ভোট চেয়ে জমজমাট প্রচারণা চালিয়েছেন। তানসেন নন্দীগ্রাম উপজেলা ভাটরা ইউনিয়নের পণ্ডিতপুকুর এলাকায় জনসভা করেছেন। সরকারের উন্নয়নের চলমান রাখতে তিনি নৌকায় ভোট চান। এই আসনে ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন। ২২ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা-কর্মীর গাড়িবহরে ককটেল হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির শ খানেক নেতা-কর্মীকে আসামি করার পর থেকেই পুলিশের ধরপাকড় বেড়েছে। গ্রেপ্তারের ভয়ে অনেকটা মাঠছাড়া ধানের শীষের কর্মী–সমর্থকেরা।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট)
আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ হাবিবর রহমান ধুনট উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি ধুনট পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে পথসভা ও সন্ধ্যায় উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় জনসভা করেছেন। তবে এই আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির সাবেক সাংসদ জি এম সিরাজকে প্রচারণায় নামতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেছেন।
বগুড়া-৬ (সদর)
মহাজোটের প্রার্থী জাপার বর্তমান সাংসদ নূরুল ইসলাম ওমর বগুড়া শহরের সাতমাথায় নির্বাচনী সভা করেছেন। বিকেলে বগুড়া পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ক্ষমতাসীন দলের সমর্থক পৌর কাউন্সিলরদের নেতৃত্বে লাঙ্গল প্রতীকের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল সাতমাথায় আসে। পরে সাতমাথায় মহাজোটের নির্বাচনী সভায় লাঙ্গল প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বক্তব্য দেন। এই আসনে ধানের শীষের প্রার্থী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিএনপির কাউকে প্রচারণার মাঠে দেখা যায়নি।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)
বিএনপিশূন্য এ আসনে মহাজোটের প্রার্থী জাপার সাংসদ মুহাম্মদ আলতাফ আলীকে গতকাল গাবতলী উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন উপজেলা জাপার নেতারা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল প্রচারণা চালান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খানের স্ত্রী ফেরদৌস আরা খানের ডাব প্রতীকের পক্ষে। এদিকে বিকেলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংসদকে জাপার একদল নেতা-কর্মী অবাঞ্ছিত ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী ফেরদৌর আরার পক্ষে কাজ করার ঘোষণা দেওয়া হয়।