মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ায় মহাজোটকে সক্রিয় করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ বিষয়ে জনমত গঠনে আওয়ামী লীগের বিভাগ পর্যায়ের মহাসমাবেশে মহাজোটের সব শরিক দলকে যুক্ত করা হতে পারে।ঈদের পর পরই দেশের ছয়টি বিভাগে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিভাগীয় পর্যায়ে সমাবেশ শেষে সম্ভব হলে জেলা পর্যায়েও এ ধরনের সমাবেশ করার চিন্তা আছে আওয়ামী লীগের। এর আগে মহাজোটের শরিকদের একাধিক বৈঠক হবে বলে জানা গেছে।গত মার্চে শুধু রাজধানীর বিভিন্ন এলাকায় মহাজোটের শরিকেরা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে সমাবেশ করে। আওয়ামী লীগ মনে করে, যুদ্ধাপরাধীদের বিচারের মতো স্পর্শকাতর বিষয়ে মহাজোট এবং এর বাইরের সমমনা সব শক্তিকে সঙ্গে রাখা দরকার। আর সংবিধান সংশোধন বিষয়ে বিরোধী দল উত্তাপ ছড়ানোর চেষ্টা করতে পারে। সে ক্ষেত্রেও মহাজোটের শরিকেরা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, বিভাগীয় ও জেলা পর্যায়ের মহাসমাবেশ মহাজোটকে নিয়েই করা হবে। ঈদের আগে বা পরে এ বিষয়ে মহাজোটের নেতাদের নিয়ে বৈঠক করা হবে। তিনি জানান, তৃণমূল পর্যায়ে এখন আওয়ামী লীগকে সংগঠিত করা হচ্ছে। এসব সমাবেশের পর দল আরও চাঙা হবে।আওয়ামী লীগ বিভাগীয় ও জেলা পর্যায়ে মহাসমাবেশ করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ছাড়াও কর্মীদের চাঙা করতে চায়। আওয়ামী লীগের একজন নেতা বলেন, দল ক্ষমতায় থাকলে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা গা-ছাড়া ভাব চলে আসে। তাদের উজ্জীবিত করতে কেন্দ্রীয় নেতারা সারা দেশে সাংগঠনিক সফর করছেন। জেলা পর্যায়ে বর্ধিত সভার মাধ্যমে দলীয় কর্মকাণ্ডে গতি আনার চেষ্টা চলছে। এ অবস্থায় মহাসমাবেশ হলে দলের কর্মীরা চাঙা হবে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জনমত গঠন করা যাবে।এ ছাড়া সরকার গঠনের পর তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে মহাজোটের নেতা-কর্মীদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় মহাজোটের শরিকেরা সাংসদ, ওই এলাকায় টিআর-কাবিখা নিয়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ক্ষোভ আছে। গত ১৬ জুলাই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভায় একাধিক নেতা এ বিষয়ে শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগও করেন। তবে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শরিকদের কিছুটা ছাড় দিয়ে চলার জন্য নেতা-কর্মীদের পরামর্শ দেন।জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, তাঁরা নীতিগতভাবে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের পক্ষে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো প্রস্তাব দেওয়া হয়নি। প্রস্তাব এলে কর্মসূচিতে অংশ নিতে বাধা নেই।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য তাঁরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন। আওয়ামী লীগ এ উদ্যোগ নিলে তাঁরা থাকবেন। তবে এখনো এ বিষয়ে আলাপ-আলোচনা হয়নি।