মহাজোটকে সমর্থন দিয়ে পেয়েছি খুন, গুম আর টেন্ডারবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে আমাদের জয় হলে এই সরকারের পতন হবে না। কিন্তু সারা দেশে একটি বার্তা পৌঁছে যাবে যে মানুষ আর এই সরকার চায় না।’ ১৮ নভেম্বরের নির্বাচনে ভোটারদের ভুল না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা মহাজোটকে সমর্থন করেছিলাম। কিন্তু কী পেয়েছি? পেয়েছি খুন, গুম, টেন্ডারবাজি। আমরা এখন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মহড়া দেখি। চাপাতি দেখি। কাগজ-কলম দেখি না। এটা তো কখনো কাম্য ছিল না।’ এইচ এম এরশাদ গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এসব কথা বলেন। রতন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, চিত্রনায়ক সোহেল রানা, সাংসদ নবাব আলী, সাবেক সাংসদ আবুল কাসেম, টাঙ্গাইল-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুস সালাম চাকলাদার প্রমুখ বক্তব্য দেন।