মহাজোটে থাকব না, এককভাবে নির্বাচন করব: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে নয়, এককভাবে সারা দেশে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আর কেউ নির্বাচনে না এলে দেশ স্থবির হয়ে থাকবে না। নির্বাচন হবেই।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন। এর আগে কালাই উপজেলা সদরে এক জনসভায় ভাষণ দেন তিনি।জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হেলাল উদ্দিন সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।সম্মেলনে এরশাদ বলেন, মানুষ মিউজিক্যাল চেয়ারের মতো ক্ষমতার পালাবদল দেখতে চায় না। এ অবস্থা থেকে জনগণ এখন পরিবর্তন চায়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার জাতির জন্য এবং রাজনীতিবিদদের জন্য কলঙ্ক। অথচ বিএনপি বলেছে, তারা তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি ছাড়া নির্বাচন করবে না। কিন্তু জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি ছাড়াই নির্বাচন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সঙ্গে নয়, জাতীয় পার্টি এককভাবে সারা দেশে প্রার্থী মনোনয়ন দিয়ে অংশ নেবে।সম্মেলনে এরশাদ আরও বলেন, তিনি জয়পুরহাটকে জেলা করেছিলেন। তাই এই জেলার মানুষ আগামীতে তাঁকে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন এরশাদ। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জাপার যুগ্ম আহ্বায়ক আ স ম তিতাস মোস্তফাকে প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দেন। তিনি জয়পুরহাটবাসীর প্রতি তিতাস মোস্তফাকে ভোট দেওয়ার আহ্বান জানান।সম্মেলনে রুহুল আমিন হাওলাদার কাউন্সিলরদের জানান, আগামী সাত দিনের মধ্যে জেলা নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জয়পুরহাট জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে দেখা শেষ। এখন দেশকে এগিয়ে নিতে হলে দরকার জাতীয় পার্টির সরকার। জয়পুরহাটে সম্মেলনে যোগদানের আগে কালাই উপজেলা সদরে আরেক জনসভায় বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি; মহাজোটে থাকব না। আগামী নির্বাচনে মহাজোটের সঙ্গে নয়; জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। ২০ বছর আগে আমি আপনাদের পাশে ছিলাম, আবারও আমি আপনাদের কাছে এসেছি। আর একবারের জন্য জাপাকে ক্ষমতায় আসার সুযোগ দিতে আপনাদের কাছে কড়জোড়ে অনুরোধ করছি। আমি আপনাদের জন্য শেষ জীবনে কিছু করে যেতে চাই।’উপজেলা সদরের বটতলা চত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ। উপজেলা জাপা এই জনসভার আয়োজন করে। উপজেলা জাপার সভাপতি এনামুল কবির সভায় সভাপতিত্ব করেন। এখানে বক্তব্য দেন জাপার নেতা রুহুল আমিন হাওলাদার, সহসভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, কেন্দ্রীয় ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক কাজী আবুল কাশেম, বগুড়া জেলা ছাত্রসমাজের সভাপতি আবদুস সালাম প্রমুখ।