মহাজোটে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি, স্বস্তিতে চার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি এবং পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী থাকায় চারদলীয় জোট-সমর্থিত প্রার্থী অনেকটা সুবিধাজনক অবস্থায় আছেন বলে মনে করছেন জোটের নেতা-কর্মীরা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তিনজন বিদ্রোহী প্রার্থী এবং জাতীয় পার্টির একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নিজেদের একমাত্র প্রার্থী থাকায় স্বস্তিতে আছে চারদলীয় জোট। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এখানে মেয়র পদে সাতজন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩৪ হাজার ৮০৯।আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন, মহাজোট-সমর্থিত জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র জাফর আলম, চারদলীয় জোট-সমর্থিত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হায়দার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সেলিম উল্লাহ, বর্তমান কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম সাঈদী, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আ ক ম গিয়াস উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম, নির্দলীয় এবং মহাজোট-সমর্থিত প্রার্থী জাফর আলমের সহোদর আবুল হাসেম। মেয়র পদে কেন্দ্রীয়ভাবে মহাজোট থেকে জাফর আলমকে সমর্থন দেওয়া হয়েছে। আর নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় ১১ জানুয়ারি জেলা আওয়ামী লীগ চকরিয়া পৌর ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা ওই তিন বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করে। ৯ ও ১৯ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের বৈঠক থেকে দলের নেতা-কর্মীদের বিদ্রোহীদের প্রার্থীর পক্ষে কাজ না করার জন্য সর্তক করে দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসেন বলেন, ‘দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তবে দলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্রোহীদের বহিষ্কার করলেও ভেতরে ভেতরে দলের নেতা-কর্মীদের একটি অংশ তাঁদের পক্ষে কাজ করছেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ারুল এহসান বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দিয়ে কেন্দ্র থেকে আমাদের কোনো চিঠি দেওয়া হয়নি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই আমরাও প্রতিদ্বন্দিতায় আছি।’ চারদলীয় জোটের নেতা-কর্মীরা মনে করছেন, আওয়ামী লীগের তিনজন শক্তিশালী বিদ্রোহী প্রার্থী মাঠে আছেন, উপরন্তু মহাজোট-সমর্থিত প্রার্থীর সহোদর আবুল হাসেমও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ অবস্থায় তাঁদের প্রার্থী অনেক সুবিধাজনক অবস্থানে আছেন।