মহাজোটে সালেহা আ.লীগের জগলুল ‘নির্দলীয়’ শেরগুল
সুনামগঞ্জ পৌরসভায় এবার মেয়র পদে প্রার্থী আছেন তিনজন। তাঁরা হলেন আয়ুব বখত জগলুল (দেয়ালঘড়ি), সালেহা বেগম (কাপ-পিরিচ) ও শেরগুল আহমেদ (আনারস)। এই তিনজনের মধ্যে সালেহা বেগম কেন্দ্রীয়ভাবে মহাজোটের সমর্থন পেয়েছেন। জগলুলকে সমর্থন করেছে স্থানীয় আওয়ামী লীগ। আর বিএনপির শেরগুল নিজেকে বলছেন নির্দলীয় প্রার্থী।এই তিন প্রার্থী এতদিন প্রতীক ছাড়া গণসংযোগ করলেও গত সোমবার বিকেল থেকে তাঁরা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। তিন প্রার্থীই চেয়েছিলেন ‘আনারস’ প্রতীক। পরে লটারিতে ‘আনারস’ পান শেরগুল আহমেদ।জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুল সুনামগঞ্জ পৌরসভার গত দুটি নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি মাঠে ছিলেন সব সময়। এবার নির্বাচনী জল্পনা-কল্পনা শুরু হলে তিনি আরও জোরেশোরে প্রচারণায় নামেন। তিনি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন তিনি। জেলা কমিটির পক্ষ থেকে তাঁকেই সমর্থন জানানো হয়। এরপর কেন্দ্র থেকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সালেহা বেগমকে মহাজোটের সমর্থন দেওয়া হয়। জগলুলের সমর্থকেরা আশা করেছিলেন, তিনিই মহাজোটের সমর্থন পাবেন। অপরদিকে মহাজোটের সমর্থন পেলেও এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সঙ্গে জেলা জাপার বা মেয়র প্রার্থীর কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানা গেছে। সালেহা বেগম দীর্ঘদিন থেকে শিক্ষকতা পেশায় জড়িত। অপর প্রার্থী শেরগুল আহমেদ সুনামগঞ্জ পৌর কলেজের শিক্ষক। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও নির্বাচন করছেন নির্দলীয় প্রার্থী হিসেবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদা জানান, সুনামগঞ্জ পৌরসভায় মহাজোটের সমর্থন দেওয়া হয়েছে বলে সালেহা বেগমের নাম তাঁরা পত্রিকায় দেখেছেন। কেন্দ্র থেকে এখানে এ ব্যাপারে কোনো নির্দেশনা তাঁরা পাননি। মুকুট বলেন, ‘আয়ুব বখত জগলুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত। যেহেতু কেন্দ্র থেকে আমরা কোনো নিদের্শনা পাইনি, সে কারণে জগলুলের পক্ষেই দলের সমর্থন আছে।’