মহাজোটের দুই সাংসদের ব্যাপারে সিদ্ধান্ত সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন মহাজোট সরকারের সাংসদ আবুল কাশেমের সদস্যপদ বাতিল বিষয়ে আদালতের আদেশ এবং এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিনের আলোচ্যসূচিতে কমিশন সচিবালয় এই দুটি বিষয়কে অন্তর্ভুক্ত করেছে। আদেশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে জাতীয় পার্টির সাংসদ আবুল কাশেমের (টাঙ্গাইল-৫) সদস্যপদ বাতিল করে ওই আসনে বিএনপি সাংসদ মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্টের আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে। এ নির্দেশনা অনুযায়ী ৬ মের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে। কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, ওই দিন সরকারি ছুটি থাকায় বিধান অনুযায়ী কমিশন ৭ মে সিদ্ধান্ত নেবে। টেলিফোন বিল খেলাপি হওয়ায় হাইকোর্ট আবুল কাশেমের সদস্যপদ বাতিলের নির্দেশ দেন। সূত্র জানায়, আবুল কাশেম আদালতের নির্দেশনা বাস্তবায়ন বিলম্বিত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এতে তিনি জানিয়েছেন, রায় পুনর্বিবেচনার জন্য তিনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবেন। তবে গতকাল কমিশনার আবু হাফিজ ও মোহাম্মদ শাহ নেওয়াজ এ-সংক্রান্ত নথিতে আবেদন গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এবং কমিশনার আবদুল মোবারক ও জাবেদ আলী অনুপস্থিত থাকায় সোমবারের বৈঠকে তাঁরা মতামত দেবেন। এ বিষয়ে কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ গতকাল প্রথম আলোকে বলেন, কোনো ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা স্থগিত রাখার সুযোগ নেই। অন্যান্য কমিশনারের মত পাওয়া গেলে ওই দিনই মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করা হবে।সূত্র জানায়, এনামুল হকের (রাজশাহী-৪) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে অভিযোগ করেছে, সে বিষয়েও সোমবারের বৈঠকে সিদ্ধান্ত নেবে কমিশন। সরকারের সঙ্গে আইনবহির্ভূতভাবে ব্যবসায়িক সম্পর্ক থাকায় সাংসদ এনামুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। এর আগে ২০১০ সালের ১৫ জুলাই সুপ্রিম কোর্ট সরকারদলীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিল করে ওই আসনে নতুন নির্বাচনের নির্দেশ দেন। নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করলেও হাইকোর্ট এ-সংক্রান্ত গেজেটের কার্যকারিতা স্থগিত করে দেন। এ কারণে মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদ বহাল আছে।