পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পাঁচ বছরে পার্বত্য চুক্তির কোনো কিছু পাইনি। কিন্তু চুক্তির বাস্তবায়নটা হতেই হবে। না হলে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে।
গতকাল শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে ‘১৬তম পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষে চুক্তির বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইউএনডিপির সহায়তায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, যেভাবে চাপ প্রয়োগ করে সরকারকে পার্বত্য চুক্তিতে বাধ্য করা হয়েছে, সেভাবে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে।
সভার শুরুতে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামের স্থায়ী অধিবাসীদের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার যা বলে তা মিথ্যাচার। সরকারের পক্ষ থেকে চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা বাস্তবায়নের কথা বলা হলেও মৌলিক কোনো ধারা বাস্তবায়ন করা হয়নি। আঞ্চলিক পরিষদ যেন অকার্যকর থাকে তার জন্য যা যা করা প্রয়োজন, সরকার তার সবকিছু করছে বলে সন্তু লারমা অভিযোগ করেন।
অন্যদিকে সুশীল সমাজের পক্ষ থেকে বলা হয়, শাসকগোষ্ঠী তাদের সব সময় পাহাড়ি বাঙালি দুই ভাগে বিভক্ত করে রাখে। অথচ চুক্তির মাধ্যমে শুধু আদিবাসীরা নয়, স্থায়ী বাঙালি অধিবাসীরাও উপকৃত হবে। এ সময় সুশীল সমাজের পক্ষ থেকে পার্বত্য চুক্তি নিয়ে অপপ্রচার রোধে পাহাড়ি বাঙালি স্থায়ী বাসিন্দাদের নিয়ে কমিটি করার প্রস্তাব দেওয়া হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের প্রধান বাস্তবায়নকারী রবার্ট স্টলম্যান্ট, সাবেক অতিরিক্ত সচিব তারাচরণ চাকমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, আঞ্চলিক পরিষদের সদস্য মো. নুরুল আলম, গৌতম কুমার চাকমা।