মহাজোটের প্রার্থী নিয়ে বিভ্রান্তি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে মহাজোটের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। গত রোববার খুলনার ছয়টি আসনে আওয়ামী লীগের ছয়জন মনোনয়নপ্রত্যাশীকে মনোনয়নপত্রের চিঠি দেওয়া হয়েছে। এরপর এই দুটি আসনে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি তাদের দুজন নেতাকে মনোনয়ন দেওয়ায় এই বিভ্রান্তি শুরু হয়েছে।
দুটি আসনেরই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীরা মনে করছেন, তাঁদের প্রার্থীই শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়বেন। তবে এ নিয়ে সাধারণের মধ্যে চলছে নানা জল্পনা। সামাজিক মাধ্যমেও চলছে আলোচনা।
এই দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যেও বিষয়টি নিয়ে তুমুল আগ্রহ লক্ষ করা যাচ্ছে। আওয়ামী লীগের প্রাথমিক মনোনয়ন হয়ে যাওয়ার পর মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংসদ নির্বাচনী আমেজ অনেকটাই ম্লান হয়ে গেলেও এখন তাঁরা একটু নড়েচড়ে বসেছেন। তাঁদের অনেকেই চাচ্ছেন শেষ পর্যন্ত জাতীয় পার্টি থেকেই মনোনয়ন পাক।
খুলনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন–দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন বর্তমান সাংসদ পঞ্চানন বিশ্বাস ও সাবেক সাংসদ ননী গোপাল মণ্ডল। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পেয়েছেন পঞ্চানন বিশ্বাস। ওই আসন থেকে আবার জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সুনীল শুভ রায়কে।
খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. আক্তারুজ্জামান বাবু। মনোনয়নবঞ্চিত হয়েছেন বর্তমান সাংসদ শেখ মো. নূরুল হক। এখানে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শফিকুল ইসলাম মধুকে।
খুলনা-১ আসনে ননী গোপাল মণ্ডলের অন্তত ৫ জন অনুসারী প্রথম আলোকে বলেন, পঞ্চানন বিশ্বাস মনোনয়ন পাওয়ায় তাঁরা ভোটকেন্দ্রে যাবেন কি না, তা নিয়ে আপাতত সংশয়ে আছেন। গত পাঁচ বছর তাঁরা বিভিন্নভাবে অপমানিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন। মনোনয়ন পাওয়ার পরও তাঁদের উদ্দেশ্য করে অনেক হুমকিমূলক ও অপমানজনক কথা বলা হচ্ছে। পাঁচ বছর ধরে অবস্থা এমনই দাঁড়িয়েছে যে এটা এখন আর রাজনৈতিক পর্যায়ে নেই। এটি এখন ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। এখান থেকে জাতীয় পার্টির প্রার্থী হলে তাঁরা ওই কোণঠাসা অবস্থা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন।
খুলনা-৬ আসনের সাংসদ এলাকায় বেশ প্রভাবশালী। সাংসদের প্রভাবে তাঁর সমর্থকেরাও এলাকায় এত দিন প্রভাব বিস্তার করেছিলেন। ওই সাংসদের কয়েকজন সমর্থক প্রথম আলোকে বলেন, এলাকায় গিয়ে সাংগঠনিকভাবে কাজ করার ক্ষমতা আক্তারুজ্জামান বাবুর কমই আছে। এ ক্ষেত্রে জাতীয় পার্টির প্রার্থী হলে তাঁরা ওই প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্রের চিঠি গ্রহণ করেন খুলনা-১ আসনের বর্তমান সাংসদ পঞ্চানন বিশ্বাস এবং খুলনা-৬ আসনে নতুন মুখ হিসেবে খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান বাবু। খুলনা-১ থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১১ জন এবং খুলনা-৬ থেকে কমপক্ষে ১৫ জন।
খুলনা-১ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করে আসছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়। গত রোববার রাতে সুনীল শুভ রায় নিজেকে মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করে তাঁর ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘মহাজোটে জাতীয় পার্টি থেকে খুলনা-১ আসনে মনোনয়ন পেলাম। কর্মী–সমর্থকদের প্রতি অনুরোধ রইল, কেউ অতি আনন্দ প্রকাশ করবেন না। সবাইকে নিয়েই আমাদের নির্বাচনী যুদ্ধে জয়ী হতে হবে। সবাই ভালো থাকুন। আগামীর সুন্দর দিন হবে আমাদের সবার।’
এই স্ট্যাটাসের পর থেকেই এলাকায় মহাজোটের প্রার্থী আসলে কে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে সেই গুঞ্জন সব জায়গায় ছড়িয়ে পড়লে নেতা-কর্মী থেকে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এরই মধ্যে পঞ্চানন বিশ্বাস ও সুনীল শুভ রায় দুজনই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খুলনা-৬ আসনটিও জোটকে দেওয়া হতে পারে, বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন চলছিল। কিন্তু আক্তারুজ্জামান বাবু মনোনয়ন পাওয়ায় ওই গুঞ্জন থেমে যায়। সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধুকে ওই আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দল থেকে খুলনা-১ ও খুলনা-৬ আসনের প্রার্থী হিসেবে সুনীল শুভ রায় ও আমাকে প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য প্রতীকসহ চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেছেন, যাঁদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অনেক প্রার্থীর পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে জাতীয় পার্টিই মূলত আসন দুটির দাবিদার। এখন কী হয়, সেটা সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।’
এ বিষয়ে জানতে চাইলে খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান বাবু বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটের অন্তর্ভুক্ত। আর মহাজোটের প্রধান হলেন প্রধানমন্ত্রী। ওই জোটের সবচেয়ে বড় দল হলো আওয়ামী লীগ। সেই দলের প্রধানই আমাকে মনোনয়নের চিঠি দিয়েছেন। সুতরাং এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’