মহাজোটের ভিত্তি আরও দৃঢ় করতে হবে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ক্ষমতায় আবার ফিরে আসতে চাইলে মহাজোটের সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় করতে হবে। তিনি বলেন, ‘জাতীয় পার্টি এখনো ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা আরও শক্তি অর্জন করতে পারলে মহাজোট লাভবান হবে।’ গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে পার্টির সভাপতিমণ্ডলী ও সাংসদদের যৌথ সভায় এরশাদ এসব কথা বলেন। সভায় এরশাদ বলেন, দলীয় পরিচয়ে পৌর নির্বাচন করা সঠিক হয়নি। স্থানীয় সরকারব্যবস্থার নির্বাচন নির্দলীয়ভাবে হওয়াই বাঞ্ছনীয়। তিনি বলেন, মহাজোটের ভিত্তিতে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র পদে ১৯টি পৌরসভা দেওয়া হলেও মহাজোটের একাধিক প্রার্থী থাকায় জাতীয় পার্টি ভালো ফলাফল করতে পারেনি। এইচ এম এরশাদ বলেন, ‘দুটি উপনির্বাচনে প্রার্থী মনোনয়নে মহাজোটে সমন্বয় ছিল না। ফলে দুই আসনেই মহাজোটের যৌথ প্রার্থী থেকে গেছে। কিন্তু শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আসনে আওয়ামী লীগের অনুরোধে আমরা প্রার্থী প্রত্যাহার করে নিলেও হবিগঞ্জের আসনের ব্যাপারে কিছু না বলায় আমরা প্রার্থী রেখে দিয়েছি। তবে এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, মহাজোটের মধ্যে সমন্বয়ের প্রয়োজন আছে।’ সভায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, গোলাম মোহাম্মদ কাদের, এ বি এম রুহুল আমিন হাওলাদার, টি আই এম ফজলে রাব্বী, মজিবুর রহমান, এম এ হান্নান, হাফিজউদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।