জাতীয় সংসদ ও মন্ত্রিসভা বহাল রেখে আগামী নির্বাচন করা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে বিদ্যমান রাজনৈতিক সংকট আরও বেড়েছে বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণফোরামসহ ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিক বিভিন্ন দল।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী যে মত দিয়েছেন, তা চূড়ান্ত নয়। জনগণের অধিকার আছে তাঁদের মত প্রধানমন্ত্রীকে জানানোর। তিনি বলেন, এখনো সময় আছে। একটা জাতীয় সংলাপ হওয়া দরকার। এতে বড় দুই দলসহ সব রাজনৈতিক দল, মানবাধিকার, নারী সংগঠনসহ সবার অংশগ্রহণ থাকতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার সচিবসভায় বলেছিলেন, সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী তিন মাসের মধ্যে অর্থাৎ আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। নির্বাচনকালীন মন্ত্রিসভা দৈনন্দিন কাজ করবে। সংসদ বহাল থাকবে, তবে অধিবেশন বসবে না। প্রধানমন্ত্রীর এ বক্তব্যে সমঝোতার পথ বন্ধ হয়ে গেছে বলে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট প্রতিক্রিয়ায় জানায়।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, সংসদ বহাল থাকলে সাংসদেরা কিছু অতিরিক্ত সুযোগ পাবেন। ফলে সুবিধাপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিতদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। এতে নির্বাচনের মাঠে সবার জন্য সুযোগ থাকবে না। তিনি বলেন, অনিশ্চয়তা ও অচলাবস্থা গভীর হওয়ায় যারা একতরফা নির্বাচন করতে চায় কিংবা যারা এক-এগারোর ফর্মুলা কার্যকর করতে চায়, তাদের সুযোগ বাড়ল।
মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিও প্রধানমন্ত্রীর ঘোষণার সমালোচনা করেছে। দলটি মনে করে, প্রধানমন্ত্রীর বক্তব্যে অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী নির্বাচন হলে সব দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে।
তবে মহাজোটের আরেক শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, আলোচনার সুযোগ এখনো আছে। তবে আসল কথা হচ্ছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার।
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুও মনে করেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার ব্যাপারে সংলাপের পথ বন্ধ হয়নি।