মহাত্মা গান্ধী বক্তৃতার নয়, কর্মের রাজনীতি করতেন। এমনকি ভারতীয় কংগ্রেসের সম্মেলনে আগতদের মল-মূত্র পরিষ্কার করতেও তিনি দ্বিধাবোধ করেননি। বর্তমান সন্ত্রাস, হানাহানির পৃথিবীতে তাঁর মতো রাজনীতিক দরকার। বাংলাদেশের বেলায় তো আরও বেশি দরকার।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে চতুর্থ মহাত্মা গান্ধী স্মারক বক্তৃতায় গতকাল শনিবার গান্ধী গবেষক সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ভারতীয় হাইকমিশন যৌথভাবে ‘মহাত্মা গান্ধীর সামাজিক ও রাজনৈতিক দর্শন’ শীর্ষক এই স্মারক বক্তৃতার আয়োজন করে।গান্ধীর দর্শন ব্যাখ্যা করতে গিয়ে সৈয়দ আবুল মকসুদ বলেন, অহিংসা, অসাম্প্রদায়িকতা, সত্যনিষ্ঠার মাধ্যমে স্বনির্ভরতা অর্জনকে স্বাধীনতা মনে করতেন মহাত্মা গান্ধী। তাঁর অহিংস নীতি শুধু ভারতীয় উপমহাদেশ নয়, সারা বিশ্বে আদর্শ হিসেবে স্থান পেয়েছে।সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, গান্ধী হিন্দু-মুসলমান ঐক্যের জন্য আজীবন কাজ করেছেন। তিনি মনে করতেন, ভারত বিভক্তির মাধ্যমে স্বাধীনতা নয়, অখণ্ড ভারতের স্বাধীনতাই দরকার। তিনি উপমহাদেশের মুসলমানদের সবচেয়ে বড় বন্ধু ছিলেন।গান্ধীকে বড় মানবাধিকার নেতা উল্লেখ করে আবুল মকসুদ বলেন, সে যুগে ছিল নিম্নবর্ণের লোকদের প্রতি অস্পৃশ্যতার নীতি। গান্ধী তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি সমতার বাণী প্রচারে পুরো ভারতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। তিনি মনে করতেন, মানুষকে না জানলে, দেশকে জানা না হলে স্বাধীনতা ফলপ্রসূ হবে না। মানবতাই ছিল তাঁর প্রধান দর্শন।সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, গান্ধী রাজনীতিকের চেয়ে ব্যক্তি হিসেবে বড় হয়ে উঠেছিলেন। তাঁর ভালো চিন্তাগুলোই তিনি রাজনীতির মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশের রাজনীতিকদের গান্ধীর সেই আদর্শ অনুসরণ করতে হবে। অন্যথায় সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় কোথাও শান্তি প্রতিষ্ঠিত হবে না। ভারতীয় হাইকমিশনার রজিত মিত্র বলেন, আজকের বিশ্বে যেভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হচ্ছে, তাতে মহাত্মা গান্ধীর নৈতিক মূল্যবোধ খুবই দরকার। তাঁর অহিংস নীতি সারা বিশ্বকে নাড়া দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গান্ধীর ঝাড়ু নিয়ে নিজ হাতে ময়লা পরিষ্কারের ঘটনাটি ছিল প্রতীকী অর্থে। তাঁর এই কাজ মানুষের মনের আবর্জনা ও সমাজের কুটিলতা পরিষ্কারে ভূমিকা রেখেছিল। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশিদ বলেন, মহাত্মা গান্ধী যা বিশ্বাস করতেন, নিজে তা পালন করতেন। তারপর অন্যদের সে বিষয়ে উদ্বুদ্ধ করতেন।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ। এ সময় শ্রোতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।