মহাত্মা গান্ধীর জন্মদিনে নোয়াখালীতে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়েছে। গতকাল শুক্রবার জেলার সোনাইমুড়ি উপজেলার জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্ট কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল সকালে ট্রাস্ট কার্যালয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে ট্রাস্ট থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে গান্ধী আশ্রম মিলনায়তনে ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গান্ধীজির দর্শনের নিরিখে মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম ট্রাস্টের কর্মকর্তা শংকর বিকাশ পাল। প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী। বক্তব্য দেন আমিশাপাড়া কৃষক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয়ন চন্দ্র মজুমদার, জয়াগ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন পাটোয়ারী, ট্রাস্টের সুশাসন ও মানবাধিকার প্রকল্পের সভাপতি আনোয়ারুল হায়দার প্রমুখ।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।