মহাদেবপুরে কারাম উৎসব পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কারাম খেলে আলিরে নারি আরমে, একাদশী কারামনে। আঠারি কাঠারি খিরা কয়ছামে কাইমে খেলাপ আগে আগে’—এটি আদিবাসীদের ঐতিহ্যবাহী কারামের গান। এ রকম অসংখ্য গান ও মাদলের ছন্দে গত রোববার নওগাঁর মহাদেবপুরে দশমী উপলক্ষে পালিত হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব বা ডাল পূজা।
আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব বা ডাল পূজা বছরের তিনটি সময় উদ্যাপিত হয়ে থাকে; যার মধ্যে দশমী কারাম উৎসব অন্যতম। দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার পরদিনই এ উৎসব হিন্দুধর্মাবলম্বী আদিবাসীদের মধ্যে আনন্দের নতুন মাত্রা যোগ করে। উৎসবের আগের রাতে চলে পিঠা-পায়েস তৈরি করার ধুম। রাতভর চলে আনন্দ-উৎসব ও নাচ-গানের পালা। প্রতিবছরের মতো এ বছরও রোববার বিকেলে বেসরকাির সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির আর্থিক সহায়তায় ও দেওয়ানপুর আদিবাসী সংঘের আয়োজনে উপজেলার হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় নাচ-গান প্রতিযোগিতা।