মহাদেবপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
নওগাঁর মহাদেবপুর উপজেলার ইটালী গ্রামে এক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ১০টায় পুলিশ অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে।ঘটনার পর থেকে স্বামী মিজানুর রহমান পলাতক আছেন। এ ঘটনায় পুলিশ মিজানুর রহমানের সহযোগী সায়েদ আলী নামের একজনকে আটক করেছে।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জানান, ইটালী গ্রামের মিজানুর রহমানের সঙ্গে তাঁর স্ত্রী হেলেনা পারভীনের মনোমালিন্য চলে আসছিল। মিজানুর হেলেনাকে প্রায়ই মারধর ও গালিগালাজ করতেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে তাঁকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। হেলেনার ফুফাতো ভাই সেলিম উদ্দীন তরফদার জানান, হেলেনা শান্ত প্রকৃতির ছিল, তাঁকে অবশ্যই হত্যা করা হয়েছে। রোববার সকালে নিহত হেলেনার লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় হেলেনার স্বামী মিজানুর রহমানসহ পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।