মহাদেবপুরে সড়কের ওপর বাজার

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাইপাস সড়কের দুই পাশে বসছে অস্থায়ী বাজার। এতে করে সড়ক দুটি দিয়ে পথচারী ও যানবাহন চলাচলে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। বছরের পর বছর এ অবস্থা চলে এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলা সদরের অন্যতম প্রধান সড়ক মহাদেবপুর বাইপাস সড়ক। এ সড়কে সপ্তাহের প্রতিদিন বসে অস্থায়ী খুচরা ও পাইকারি সবজি বাজার। তবে শনি ও বুধবার হাট বসে। তাই এ দুদিন বেশি দোকান বসায় সড়কটি দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। হাটের দিন পথচারীসহ এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বেকায়দার পড়ে। কারণ, স্থানীয় সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয়, সর্বমঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহাঙ্গীর সরকারি কলেজ, জাহাঙ্গীরপুর উচ্চবিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ সড়ক ব্যবহার করতে হয়।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বক চত্বর থেকে থানা মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে মহাদেবপুর বাইপাস সড়কের দুই লেনের দুপাশে পেঁয়াজ, মরিচ, আদা, রসুনসহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। এর মধ্যে সড়কের দক্ষিণ পাশের লেন দিয়ে সবজি বাজারের কারণে পথচারী ও যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। অপর পাশের লেন দিয়ে পথচারীরা ভোগান্তি সহ্য করে চলাচল করছে। উপজেলা পরিষদের কাছে সড়কটির এক জায়গায় ধানের আড়ত বসিয়ে ধান কেনা-বেচা চলতে দেখা যায়।
উপজেলা সদরের লিচু বাগান এলাকার বাসিন্দা আহসান হাবিব অভিযোগ করেন, সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থা চলছে দীর্ঘ কয়েক বছর ধরে। কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছে না। অথচ মহাদেবপুর হাট-বাজারের ইজারা বাবদ সরকার প্রায় ২ কোটি টাকা রাজস্ব পাচ্ছে।
হাটে সবজি বিক্রি করতে আসা মানিক, ছায়েদ আলী, বাবুল আখতার, জয়নালসহ সাত-আটজন খুচরা বিক্রেতা বলেন, যারা শেডে বসে ব্যবসা করেন তাঁরা যেমন খাজনা দেন, রাস্তায় খোলা আকাশের নিচে কাদাপানিতে বসে যাঁরা ব্যবসা করেন, তাঁরাও একই পরিমাণ খাজনা দেন। তারপরও ব্যবসার জন্য জায়গা পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে সড়কের ওপর বসেই জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে।
মহাদেবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার মণ্ডল বলেন, মহাদেবপুর উপজেলা সদরে স্থায়ী হাট-বাজারের জন্য যে পরিমাণ জায়গা রয়েছে, তার অনেকটাই প্রভাবশালীরা ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাড়ি করে দখল করে নিয়েছেন। তরকারি বাজারের জন্য যে শেড করে দেওয়া হয়েছে, সেটির পরিসরও খুবই ছোট। তিন ভাগের এক ভাগ সবজি বিক্রেতাই সেখানে বসতে পারেন না। বাধ্য হয়ে তাঁদের সড়কের ওপর বসে ব্যবসা করতে হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুননাহার বলেন, ‘উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কের ওপর বাজার বসার বিষয়টি নিয়ে মাসিক সমন্বয় ও উন্নয়ন সভায় আলোচনা হচ্ছে। বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়েছে। বারবার নোটিশ দেওয়া হচ্ছে। কিন্তু কোনো লাভ হচ্ছে না। স্থায়ী বাজারের পরিসর আরও বাড়ানো যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। আশা করছি, সামনের উন্নয়ন সভার বৈঠকে এ ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা যাবে।’