মহাদেবপুরে ৬০ হাজার ফলদ-বনজ গাছের চারা বিতরণ
লম্বা সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে ছোট বাচ্চারা। তাদের এই অপেক্ষা গাছের জন্য। স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলাজুড়ে গাছ লাগানোর উৎসবে অংশ নিতে গতকাল শুক্রবার জাহাঙ্গীর মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী আসে। তাদের মাঝে বিতরণ করা হয় ফলদ ও বনজ গাছের ৬০ হাজার চারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তাজকির উজ-জামানের সভাপতিত্বে গাছ লাগানো উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মফিদুল ইসলাম, উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
এসব শিশুর হাত দিয়ে খাজুর ইউনিয়নের আত্রাই নদীর বাঁধ, মহাদেবপুর সদর, রাইগাঁ, চেরাগপুর ও ভীমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছগুলো লাগানো হয়।
ইউএনও বলেন, ‘গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, কিন্তু আমরা নানা কাজে গাছ কাটি। তারপর আর লাগাই না।’ তিিন বলেন, পুুরো উপজেলাকে সবুজ করে তুলতে উপজেলা প্রশাসনের নিজস্ব তহবিলসহ বিভিন্ন সমাজসচেতন মানুষের অনুদানে এসব চারা লাগানো হয়। আগামী প্রজন্মকে গাছের গুরুত্ব এবং পরিবেশ সম্পর্কে সচেতন করতেই শিশু শিক্ষার্থীদের মাধ্যমে এসব গাছ রোপণ করা হয়।