মহাদেবপুরের সেই কবিরাজের ছয় মাসের দণ্ড
চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীর আলম ওরফে স্বপন কবিরাজকে ছয় মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম তাসকিরুজ্জামান এই আদালত পরিচালনা করেন। এর আগে দুপুরে নওগাঁর সিভিল সার্জন পুলিশের সহযোগিতায় কথিত ওই কবিরাজকে তাঁর আস্তানা খোর্দ্দনারায়ণপুর মাজার প্রাঙ্গণ থেকে আটক করেন।
তবে স্বপন কবিরাজ সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ বলে দাবি করে বলেন, তাঁর বিরুদ্ধে রোগীদের পেটানোর যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা। তাঁর চিকিৎসার মাধ্যমে জিন-ভূতে ধরা অসংখ্য রোগী ভালো হয়েছে বলে তিনি দাবি করেন।
গতকাল প্রথম আলোয় ‘পিটিয়ে জিন তাড়ান তিনি!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তদন্তের জন্য ওই কবিরাজের আস্তানায় যান সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন। ঘটনার সত্যতা পেয়ে মহাদেবপুর থানা-পুলিশের সহযোগিতায় স্বপন কবিরাজকে আটক করেন তিনি। পরে ওই কবিরাজকে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে আসা হয়।
এ কে এম মোজাহের হোসেন সাংবাদিকদের বলেন, চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে জিজ্ঞেস করে তিনি জানতে পেরেছেন, রোগ সারানোর নামে স্বপন রোগীদের মারপিট করেন, ঝাড়ফুঁক দেন ও পানি পড়া খাওয়ান। এই কবিরাজ যেভাবে রোগীদের চিকিৎসা করেন, এটা সম্পূর্ণ অপচিকিৎসা।