মহান বিজয় দিবস উপলক্ষে বন্দীর মুক্তি
মহান বিজয় দিবস উপলক্ষে অচল ও অক্ষম এক বৃদ্ধ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্ত বন্দীর নাম সুরুজ আলী (৭৫)। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, নেত্রকোনার দুর্গাপুর থানার ১৯৮০ সালের একটি ডাকাতি মামলায় সুরুজ আলীকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত।
তত্ত্বাবধায়ক বলেন, মামলা হওয়ার পর থেকে খাগড়াছড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। সেখানে গ্রেপ্তার হওয়ার পর আড়াই বছর ধরে সাজাভোগ করছেন সুরুজ আলী। বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে গত ১৭ জানুয়ারি তাঁকে খাগড়াছড়ি কারাগার থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম কারাগারে আনা হয়।
মো. ছগির মিয়া বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে অচল অক্ষম বন্দী হিসেবে মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরুজ আলীর নাম সুপারিশ করে কারাগারের বন্দী মুক্তি কমিটি। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি সুরুজ আলীকে মুক্তি দেওয়ার আদেশ দেন।’