মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছেন ৪৬ বন্দী
মহান বিজয় দিবস উপলক্ষে ৪৬ জন দণ্ডপ্রাপ্ত কারাবন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। আজ বুধবার থেকেই বন্দীদের মুক্তি দেওয়া শুরু হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জানা গেছে, মুক্তির তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের বেশির ভাগই ২২-২৩ বছর সাজা ভোগ করেছেন। বিজয় দিবসে কারাবন্দীদের মুক্তি দেওয়ার জন্য সারা দেশের কারাগার থেকে নাম চাওয়া হয়। যাচাই-বাছাই করে ৪৬ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের নয়জন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯, রাজশাহী ও রংপুর বিভাগের ১১ এবং খুলনা ও বরিশাল বিভাগের সাতজন।স্বাধীনতা ও জাতীয় দিবস এবং দুই ঈদ উপলক্ষে বন্দী মুক্তি দেওয়ার লক্ষ্যে মুক্তিযোগ্য বন্দীদের তালিকা বিভিন্ন জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় সেই তালিকা সুপারিশের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠান। জানা গেছে, মাদকের মামলায় সাজাপ্রাপ্ত কোনো কয়েদিকে বিশেষ ক্ষমা না করার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে একাধিক ধারায় দণ্ডিত বা একাধিক মামলায় বিচারাধীন, দণ্ডিত বা দণ্ডের বিরুদ্ধে আপিল চলছে এমন কোনো কয়েদিকেও বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া যাবে না।