মহান মে দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার পয়লা মে, বিশ্বব্যাপী শ্রমজীবীদের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এক দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার অঙ্গীকার আর শ্রমিকদের ওপর শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও দিন এটি।১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা প্রতিষ্ঠার সংগ্রামের বিজয় হয়েছিল।অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হবে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা, মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সরকারি ছুটির দিন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণীতে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।দিবসের কর্মসূচি: বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শ্রমিক মালিক সম্প্রীতি বদলে যাবে দেশের অর্থনীতি’ শীর্ষক আলোচনা ও মে দিবস মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সকালে শ্রম ভবন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করেছে। গণফোরাম বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শ্রমিক সমাবেশ।শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সকালে মুক্তাঙ্গনে শ্রমিক সমাবেশ এবং পরে শোভাযাত্রার আয়োজন করেছে। জাতীয় কবিতা পরিষদ শিশু শ্রম বন্ধ করে সব শিশুর বিদ্যালয়ে যাওয়া বাধ্যতামূলক করার দাবিতে সকালে সমাবেশের আয়োজন করেছে জাতীয় জাদুঘরের সামনে। বাংলাদেশ জাতীয় শ্রমিক ফোরাম সকালে পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে।এ ছাড়া বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল, স্রোত আবৃত্তি সংসদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, ঢাকা জাতীয় নিট ডায়িং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রমনা থানা কমিটি, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ, বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচির আয়োজন করবে।