মহান মে দিবস পালিত
পাল্টাপাল্টি সমাবেশ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে গত শুক্রবার মহান মে দিবস পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: পবা উপজেলার বায়া এলাকায় জেলা শ্রমিক লীগের সমাবেশ উপলক্ষে ছাপানো দাওয়াতপত্রে স্থানীয় সাংসদ আয়েন উদ্দিনের নাম দেওয়া হয়নি। আবার পোস্টারেও তাঁর নাম সবশেষে দেওয়া হয়েছে। এই ক্ষোভে সাংসদের অনুসারী সিএনজিচালিত অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন উপজেলার নওহাটা এলাকায় পাল্টাপাল্টি সমাবেশের আয়োজন করে।
বিকেলে নওহাটা মিশুক স্ট্যান্ডের রাজিয়া মার্কেটের সামনে উপজেলার নওহাটা পৌরসভা সিএনজি ও মিশুক শ্রমিক ইউনিয়নের জনসভায় (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সংগঠনের সভাপতি দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকার, রাজশাহী জুট মিল শাখার শ্রমিক লীগ সভাপতি আবদুল আলিম, নওহাটা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল ইসলাম প্রমুখ।
সিরাজগঞ্জ: সকালে জেলা মোটর শ্রমিক, ট্রাক শ্রমিক, সিএনজি অটোরিকশা, রিকশা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমজীবী সংগঠন শহরে শোভাযাত্রা বের করে। এ উপলক্ষে জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, কালো ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মালা দেওয়া হয়।
পরে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কে এম হোসেন আলী প্রমুখ।
আদমদীঘি (বগুড়া): বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ঢাকা বাসস্ট্যান্ড থেকে সকালে শোভাযাত্রা বের করে নওগাঁ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী উল সহিদ। সেখানে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ও শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।