মহান মে দিবস পালিত

শ্রমিকের ন্যূনতম মজুরি বাড়ানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনব্যবস্থা চালুর দাবি এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে গত শুক্রবার সারা দেশে পালিত হয়েছে মহান মে দিবস।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি) শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশের আয়োজন করে। বিটিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান।
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব কেরন স্কপের নেতা শাহ মোহাম্মদ আবু জাফর। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের উদ্যোগে দিবসটি উপলক্ষে ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।