মহান মে দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মিছিল। গত রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে সেখান থেকে মিছিল বের করে সংগঠনটি। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো
মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মিছিল। গত রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে সেখান থেকে মিছিল বের করে সংগঠনটি। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো

শ্রমিকের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠায় মিছিল, শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গত রোববার সারা দেশে পালিত হয়েছে মহান মে দিবস। এবারের মে দিবসের প্রতিপাদ্য ছিল ‘মে দিবসের মর্মবাণী, শ্রমিক মালিক ঐক্য জানি’।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন এবং কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিন সকাল থেকেই ঢাকায় বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। চলতে থাকে মানববন্ধন, গণসংগীত ও সভা-সমাবেশ।
প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক লীগ, বিপ্লবী শ্রমিক আন্দোলন, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনসহ ১৫টির বেশি সংগঠন দিবসের কর্মসূচিতে অংশ নেয়। একপর্যায়ে জমায়েত বেড়ে গেলে প্রেসক্লাবের দুই পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পল্টনের মুক্তি ভবনের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, পল্টন মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং জিপিও মোড়ে জাতীয় শ্রমিক জোট মে দিবসের সমাবেশ করে।
পৃথক কর্মসূচি থেকে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র প্রদান, তৈরি পোশাক কারখানাসহ সব কারখানায় শ্রমিকদের মূল মজুরি ৮ হাজার ২২৫ টাকা নির্ধারণ, সব কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ প্রদান, সাপ্তাহিক ছুটি কার্যকর করা, নারী শ্রমিকদের বেতনসহ ছয় মাস মাতৃত্বকালীন ছুটি প্রদান, শিল্প পুলিশ ও শিল্প গোয়েন্দা পুলিশের নিয়ম বাতিল করা, ট্রাইব্যুনাল গঠন, রানা প্লাজা ধস এবং বিভিন্ন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার বিচার দাবি করা হয়।
সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে দৈনিক বাংলা মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গত রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।