মহান মে দিবস পালিত
বাজারদরের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণের দাবিতে গত মঙ্গলবার সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। রাজধানীতে দিবসটি উদ্যাপনে শোভাযাত্রা, আলোচনা সভা, মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রমিকদের বিভিন্ন সংগঠন বাজারদরের সঙ্গে সংগতি রেখে মজুরি দাবির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়। এ বছর মে দিবসের বিভিন্ন আয়োজনে আইএলও (আন্তর্জাতিক শ্রমিক সংগঠন) কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধন, শ্রমিকদের জন্য রেশন প্রথা চালু, রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদের জন্য মজুরি কমিশনের রোয়েদাদ ঘোষণা, সব খাতের শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকারসহ বিভিন্ন দাবি তোলা হয়।দিবসটি পালনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউএস) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশের আয়োজন করে। শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান, আবুল কালাম আজাদ, আবদুর রাজ্জাক, আয়েশা ইসলাম প্রমুখ। জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খলিলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়াজেদুল ইসলাম খান, শাহ মো. আবু জাফর, মেজবাহ উদ্দিন আহমেদ, জাফরুল হাসান। বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিক-কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘভাতা প্রদানসহ নয় দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। গণতান্ত্রিক ও যুগোপযোগী শ্রম আইন তৈরির দাবিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) সেমিনার ও শোভাযাত্রার আয়োজন করে। ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ বলেন, মালিক ও শ্রমিক উভয়ের কল্যাণের কথা বিবেচনায় রেখে সরকার শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া শ্রমিকের স্বার্থ রক্ষায় কল্যাণকর শ্রমনীতি প্রণয়নের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে সরকার।জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সমাবেশ করে বিজয়নগর মোড়ে। সমাবেশ শেষে শোভাযোত্রা বের করা হয়। আমিরুল হক আমীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম। কারখানাগুলোতে দমনপীড়ন, নির্যাতন ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। এতে সভাপতিত্ব করেন মোশরেফা মিশু। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাবুল বিশ্বাস, শহিদুল ইসলাম, আমেনা আক্তার।