মহান মে দিবসে রাজধানী ছিল মিছিলের নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার অঙ্গীকারের মধ্য দিয়ে গত রোববার পালিত হয়েছে মহান মে দিবস। এ দিন মিছিলের নগরে পরিণত হয় রাজধানী। বিভিন্ন দাবি নিয়ে লাল পতাকা হাতে শ্রমিকেরা মিছিল করেন। ১৮৮৬ সালের পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা প্রতিষ্ঠার সংগ্রামের জয় হয়েছিল।অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করেন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। দিনটি ছিল সরকারি ছুটির দিন।মে দিবসে শ্রমিক ও শ্রমিকনেতারা বাজারদরের সঙ্গে সংগতি রেখে মজুরি দাবি করেন। ট্রেড ইউনিয়ন করার অধিকারেরও দাবি তুলে তাঁরা শ্রমিকদের সার্বিক স্বার্থ সংরক্ষণে একটি শ্রমনীতির দাবি জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র উত্তরা আঞ্চলিক কমিটি আজমপুর শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে। আসন্ন বাজেটে রেশনিং ব্যবস্থা ও বাসস্থানের জন্য বরাদ্দ না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে সমাবেশে বক্তারা ঘোষণা দেন। গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের ঢাকা মহানগর সভাপতি মোস্তফা মুহসীন মন্টু।গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নগরে ট্রাক শোভাযাত্রায় গৃহশ্রমিকদের নির্যাতন বন্ধে আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানায়।তোপখানা রোডে বাংলাদেশ জাতীয় শ্রমিক ফোরাম এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন আয়োজিত সংহতি সমাবেশে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, পর্যায়ক্রমে আরও বন্ধ কারখানা চালু করা হবে। বাংলাদেশ জাতীয় শ্রমিক ফোরাম পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী।মহান মে দিবস উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারকক্ষে ‘গৃহশ্রমিকের অধিকার, বর্তমান অবস্থা: কার কী করণীয়’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।এ ছাড়াও জাতীয় শ্রমিক লীগ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদ, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ঢাকা মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রমনা থানা কমিটি, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, ফেডারেশন অব দি গ্লোবাল এনজিও অ্যান্ড সিভিল সোসাইটি, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, ঢাকা সাইক্লিং ক্লাব, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।