মহান শিক্ষা দিবসে সর্বজনীন শিক্ষাব্যবস্থার দাবি
সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক একই ধারার শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা। গতকাল সোমবার মহান শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। গতকাল দুপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন, প্লাকার্ড, লাল পতাকা ও মনীষীদের ছবি বহন করেন। পরে শহরের চৌমোহনা চত্বরে ছাত্রফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সদস্যসচিব মামুনুর রশীদ ও বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জয়েস।সমাবেশে সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক একই ধারার শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা মৌলভীবাজার সরকারি কলেজকে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান। এ ছাড়া জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগেরও দাবি জানান তাঁরা।সুনামগঞ্জে সমাবেশ: সুনামগঞ্জ অফিস জানায়, মহান শিক্ষা দিবস উপলক্ষে গতকাল সুনামগঞ্জে মিছিল ও সমাবেশে করেছে জেলা ছাত্র ইউনিয়ন। সকালে শহরে মিছিল শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে সমাবেশ করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল, শহর শাখার সভাপতি মাইনুদ্দিন, সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ রায়।