মহানগর ও জেলা বিএনপির বাদানুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী নির্ধারণকে কেন্দ্র করে মহানগর ও জেলা বিএনপি বাদানুবাদে জড়িয়ে পড়েছে। আর এই বাদানুবাদের কেন্দ্রে আছেন দলের যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা। তিন দিনের ব্যবধানে দুটি সংবাদ সম্মেলনে এই দুই নেতার বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় জেলা বিএনপি এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে রাজশাহীর নয়টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের চিত্র তুলে ধরা হয়। অধিকাংশ উপজেলায় বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। আর এর কারণ হিসেবে মিজানুর রহমানের সাংগঠনিক ব্যর্থতাকে দায়ী করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সহসভাপতি মাইনুল আহসান বলেন, ‘রাজশাহী বিএনপির একজন শীর্ষ নেতা জেলা বিএনপির মতামত উপেক্ষা করে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করছেন। তাঁর উদ্দেশ্য আমাদের অজ্ঞাত। আর এর দায়ভার অবশ্যই তাঁকে বহন করতে হবে।’ তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, ‘নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপির সভাপতির দায়িত্ব নেওয়ার পর জেলা বিএনপি শক্তিশালী হয়ে ওঠে। দলীয় কর্মকাণ্ড সাবলীলভাবে চালিয়ে তিনি দলে গতি সঞ্চার করেন। ঠিক তখনই বিএনপির একটি স্বার্থান্বেষী মহল নাদিম মোস্তফার চরিত্র হননের জন্য উঠেপড়ে লেগেছে।’
অভিযোগের সত্যতা জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘প্রশ্নই ওঠে না অভিযোগ তোলার। আমি দলের যুগ্ম মহাসচিব। ওরা ছোট ভাই। নিজেদের অজান্তে কী বলেছে, সেটা কোনো ব্যাপার নয়।’
এর আগে গত রোববার নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্গাপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল ওয়াহেদ মোল্লাহ ও তাঁর অনুসারীরা নাদিম মোস্তফার বিরুদ্ধে চলতি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন-বাণিজ্যসহ নানান অভিযোগ করেন।
তবে গতকালের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিএনপির চেয়ারপারসন খালেদ জিয়ার নির্দেশ অনুযায়ী নাদিম মোস্তফা নির্বাচনী কমিটি করে তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেন। ফলে রাজশাহী জেলার অধিকাংশ ইউনিয়নে প্রার্থীরা বিজয়ী হন। এ ছাড়া এবার নাদিম মোস্তফার নির্বাচনী কমিটি ও তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে মোহনপুর উপজেলায় প্রার্থী দেওয়া হয় এবং সেই প্রার্থী বিপুল ভোটে জয়ী হন। কিন্তু বাঘা উপজেলায় সেই কুচক্রী মহলের ইন্ধনে বিতর্কিত প্রার্থীকে জেলার অমতে মনোনয়ন দেওয়ায় বিএনপির প্রার্থী পরাজিত হন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক মামুন-অর-রশিদ, আলাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জেলা বিএনপির সহ-মহিলাবিষয়ক সম্পাদক দিলরুবা শাহীন, জেলা মহিলা দলের সভানেত্রী রোকসানা বেগম, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম প্রমুখ।