মহানগর কমিটি করতে কমিটি করছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করে নতুন কমিটি করার জন্য এবার উচ্চপর্যায়ের একটি কমিটি করার উদ্যোগ নিয়েছে দলটি।

দলীয় সূত্রগুলো জানায়, এ কমিটির জন্য গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৭ সদস্যের নাম প্রায় চূড়ান্ত করা হয়েছে। এঁদের মধ্যে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির চারজন সদস্য আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের নাম রয়েছে। এ ছাড়া মহানগর কমিটির বর্তমান আহ্বায়ক সাদেক হোসেন খোকাও এ কমিটিতে থাকবেন। এ কমিটি ২১ সদস্যবিশিষ্ট করার চিন্তা আছে।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে জানান, দলের স্থায়ী কমিটির গত রোববারের বৈঠকে ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করে দেওয়ার জন্য উচ্চপর্যায়ের ছোট একটি কমিটি করার বিষয়ে মত দেওয়া হয়। খুব শিগগির এ কমিটি ঘোষণা করা হতে পারে।

বিএনপির ঢাকা মহানগর কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে বেশ কয়েক বছর আগে। সর্বশেষ সম্মেলন করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি করা হয় ২০১১ সালের ১৪ মে। কিন্তু এখন পর্যন্ত আর সম্মেলন করতে পারেনি দলটি। ৫ জানুয়ারির নির্বাচনের আগে আন্দোলনের ব্যর্থতার জন্য বিএনপির অভ্যন্তরে সবচেয়ে বেশি সমালোচিত ঢাকা মহানগর কমিটি।

এরপর গত ৬ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলকে আন্দোলনের উপযোগী করতে ঢাকা মহানগর কমিটিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। এরপর ১০ ফেব্রুয়ারি মহানগরের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আন্দোলনে ব্যর্থতার জন্য মহানগরের নেতাদের ভর্ৎসনা করেন এবং দ্রুত নতুন কমিটি করার কথা জানান।

ওই দিন বৈঠক থেকে বের হয়ে বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম সাংবাদিকদের বলেছিলেন, এক মাসের মধ্যে সব থানায়  কাউন্সিল করে ঢাকা মহানগর কমিটি করা হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো থানায় কাউন্সিল হয়নি। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, নতুন যাঁদের দায়িত্ব দেওয়া হবে, তাঁরা এ কাজ করবেন। এক মাসের জায়গায় সময় আরও বেশি লাগতে পারে। তিনি এ-ও বলেন, তিনি মহানগর কমিটির ব্যাপারে আর উৎসাহী নন। তবে কোনো সহযোগিতা চাইলে তিনি তা করবেন।

ছাত্রদলের সঙ্গে শিমুলের বৈঠক: ঢাকা মহানগর বিএনপির মতো ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিও পুনর্গঠনের সিদ্ধান্ত রয়েছে দলটির। খালেদা জিয়া নিজে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে গত মাসে একাধিক বৈঠক করেন। বলা হয়েছিল, এবার নিয়মিত ছাত্রদের নিয়েই ছাত্রদলের কমিটি করা হবে। এর মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গতকাল বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন।

বৈঠকে ছিলেন এমন একাধিক নেতা জানান, কীভাবে সংগঠন আরও গতিশীল করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান বলেন, এটি আনুষ্ঠানিক কোনো বৈঠক নয়, সৌজন্য সাক্ষাৎ ছিল।