মহানগর ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ করার তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কার্যক্রম চলছে এক বছর আগে গঠিত ১১ সদস্যের কমিটি দিয়ে। এই কমিটি পূর্ণাঙ্গ করার উদ্যোগ গ্রহণ এবং কেন্দ্র থেকে এ ব্যাপারে তালিকা পাঠানোর তাগিদ প্রদান করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় নেতাদের তোড়জোর শুরু হয়েছে।
গত বছরের ২১ জুলাই গাজী মো. সিরাজউল্লাহকে সভাপতি এবং বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর ছাত্রদলের মধ্যে বিক্ষোভ শুরু হয়।
বিশেষ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা গুরুত্বপূর্ণ পদ পায়নি বলে ক্ষোভ বাড়তে থাকে। কিন্তু এর মধ্যে নির্বাচন ঠেকানো এবং সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যাওয়ায় ওই বিক্ষোভ চাপা পড়ে যায়। ১১ সদস্যের কমিটির গুরুত্বপূর্ণ পদগুলো নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের অনুসারীরা পায়।
ছাত্রদলের কমিটি সম্পর্কে জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগর ছাত্রদল নিয়ে কারোর সঙ্গে আমার আলোচনা হয়নি। কেবল চট্টগ্রামে নয়, সারা দেশে একই অবস্থা। তাই সার্বিকভাবে সবকিছু চিন্তা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে সবকিছুর সিদ্ধান্ত হবে।’
আমীর খসরুর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রদলের একাধিক নেতা নাম প্রকাশ না করে জানান, এই কমিটি দিয়ে কিছু হবে না। নতুন কমিটি করে নগর ছাত্রদলের গতি ফেরাতে হবে। এক বছরেও কমিটির নেতারা কোনো কিছু দেখাতে পারেনি, বরং বেশির ভাগ নেতা গা ঢাকা দিয়ে আছেন। তাই নতুন কমিটির বিকল্প নেই।
তবে আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীদের দাবির ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদল আপাতত কিছু ভাবছে না। তারা কমিটি পূর্ণাঙ্গ করার পক্ষে স্থানীয় নেতাদের অভিমত দিয়েছেন। এ ব্যাপারে সম্ভাব্য নেতাদের তালিকাও কেন্দ্র থেকে চাওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলন-সংগ্রামের কারণে কিছুটা দেরি হয়েছে। এ ব্যাপারে স্থানীয়ভাবে নামের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়া সাপেক্ষে যত দ্রুত সম্ভব কমিটি পূর্ণাঙ্গ করা হবে।’
নগর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি নগর ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে বলে দিয়েছি, যাতে যত দ্রুত সম্ভব ১৮১ সদস্যের তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়। ওই ছাত্রনেতারা কাজ শুরু করেছেন। তাঁদেরকে এও বলা আছে, মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের যেন পরামর্শ নেওয়া হয়।’
এক প্রশ্নের জবাবে শাহাদাৎ হোসেন আরও বলেন, ‘চলতি মাসের মধ্যে কেন্দ্রে তালিকা জমা দেওয়ার নির্দেশনা আছে। আমরা আশা করছি, সেটা সম্ভব হবে।’