৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে কেবল ঢাকা মহানগর ছাত্রদলেরই ১৮ জন নেতা-কর্মীকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর ছাত্রদল (উত্তর ও দক্ষিণ) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ‘খুন-গুমের’ প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
সরকারের ‘গুম-খুনের’ সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মতো দল যারা দীর্ঘ সময় গণতান্ত্রিক আন্দোলন করেছে, এখনো নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করে, তাদের হাতে নিরীহ ছাত্ররা গুম হয়ে গেছে। তিনি বলেন, দেশ এখন ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। এখানে কেউ বিচার পায় না। তামাশার মাধ্যমে একটি সংসদ গঠন করা হয়েছে। সংসদে কিছুসংখ্যক ‘সঙ’ বসে তামাশা করছেন।
দেশ গভীর সংকটে বলে উল্লেখ করে মির্জা ফখরুল ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, অতীতে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ছাত্রদলকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুল দাবি করেন, কথিত আল-কায়েদার ভিডিও বার্তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য সুদূরপ্রসারী ষড়যন্ত্র। এ দেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে তারা অনেক আগে থেকেই এ ষড়যন্ত্র শুরু করেছে। যার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় এক নিবন্ধে লিখেছিলেন, বাংলাদেশের সেনাবাহিনীতে ৩৫ শতাংশ মৌলবাদী রয়েছে।
সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীসহ ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।