
সিলেটে নিষ্ঠুরভাবে পিটিয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৪) হত্যার ঘটনায় করা মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে সিলেটের মহানগর হাকিম আদালতের বিচারক সাহেদুল করিম এ আদেশ দেন।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি, প্রসিকিউশন) আবদুল আহাদ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী এ মামলার তিন পলাতক আসামিকে ধরতে সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এটি মহানগর হাকিম আদালতকে জানানো হলে তা পর্যালোচনা করে মামলা স্থানান্তরের এ আদেশ দেওয়া হয়। পাশাপাশি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয় ১৬ সেপ্টেম্বর।
গত ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদ দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় পিটিয়ে হত্যা করা হয় জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু সামিউলকে। পরে তার লাশ গুম করার চেষ্টার সময় ধরা পড়েন একজন। সামিউলকে নির্যাতন করার সময় প্রায় ২৯ মিনিটের ভিডিও চিত্রও ধারণ করেছিলেন নির্যাতনকারীরা।
ভিডিও চিত্র নিয়ে গত ১২ জুলাই প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ হলে এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে ভিডিও চিত্রটি। পরে একে একে জনতা ধরিয়ে দেয় সামিউল হত্যা মামলার কয়েক আসামিকে।
আর পালিয়ে সৌদি আরব গিয়ে ১৩ জুলাই জনতার হাতে ধরা পড়েন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম। দেশ ছেড়ে তাঁর পালানোর ঘটনায় গাফিলতির অভিযোগে ২৭ জুলাই জালালাবাদ থানার তৎকালীন ওসি (তদন্ত) আলমগীর হোসেন, এসআই আমিনুল ইসলাম ও মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৬ আগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামির নাম থেকে অব্যাহতির সুপারিশ করা হয় এক আসামির স্ত্রী ও তাঁর ভাইকে।
১৭ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মালামাল জব্দের নির্দেশ দেন। ২৫ আগস্ট তিন আসামির মালপত্র জব্দ করে আদালতকে অবহিত করে পুলিশ। ৩১ আগস্ট আদালত আসামিদের ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরে ৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
কামরুল সৌদি পুলিশের হেফাজতে থাকলেও মামলায় তাঁকে পলাতক দেখানো হয়েছে। এ ছাড়া পলাতক রয়েছেন কামরুলের ভাই শামীম আহমদ ও কুমারগাঁও বাসস্ট্যান্ডের একটি আইসক্রিম কারখানার কর্মচারী জাকির হোসেন ওরফে পাবেল ওরফে রাজু।