মহানগর পুলিশকে ধন্যবাদ দিল মার্কিন দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বজনদের কাছে আটক যুক্তরাষ্ট্রের এক নাগরিককে উদ্ধার করে মার্কিন দূতাবাসে পৌঁছে দেওয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কনসোল জেনারেল গত ২৪ ফেব্রুয়ারি খুলনা মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আবদুল্লাহ আরেফকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন।
উদ্ধার পাওয়া নারী ও থানা-পুলিশ সূত্র জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত ওই তরুণীর (২১) সঙ্গে কুমিল্লার এক যুবকের (২৫) প্রেমের সম্পর্ক ছিল। গত ১২ ফেব্রুয়ারি ওই তরুণী যুক্তরাষ্ট্র থেকে কুমিল্লা আসেন। ১৩ ফেব্রুয়ারি যুবকের বাড়িতে তাঁদের বিয়ে হয়। ২০ ফেব্রুয়ারি ওই তরুণীর নানাবাড়ির লোকজন তাঁদের খুলনায় দাওয়াত দিয়ে নিয়ে আসেন। সেখানে নানা, মামা ও খালারা ওই তরুণীকে আটকে রাখেন এবং তাঁর স্বামীকে ভয় দেখিয়ে বিতাড়িত করেন। পরে তরুণীর কাছ থেকে তাঁর পাসপোর্টসহ সব ধরনের কাগজপত্র কেড়ে নেওয়া হয়। ২২ ফেব্রুয়ারি ওই তরুণী নানাবাড়ি থেকে পালিয়ে রাস্তায় বের হন।
পুলিশ জানায়, নানাবাড়ির লোকজনের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য ওই তরুণী স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় পুলিশে খবর দেন। তরুণীটিকে উদ্ধার করা হলে মহানগর পুলিশের উত্তর বিভাগের ডেপুটি কমিশনার আবদুল্লাহ আরেফ নিজ দায়িত্বে তাঁর নিরাপত্তা নিশ্চিত করেন। তাঁর পাসপোর্ট ও সামাজিক নিরাপত্তা (সোশ্যাল সিকিউরিটি) কার্ডসহ কাগজপত্রও উদ্ধার করা হয়। পরে নিজ দায়িত্বে তরুণীকে পুলিশি নিরাপত্তায় মার্কিন দূতাবাসে পৌঁছে দেওয়া হয়। ওই দিনই তরুণীকে তাঁর স্বামীর জিম্মায় দেওয়া হয়।