মহানগরে নতুন নৌ-ফাঁড়ি চালু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের প্রথম নৌ-ফাঁড়ি চালু হচ্ছে আজ মঙ্গলবার। উদ্বোধনের পর এই ফাঁড়ি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। পুলিশ সূত্র জানায়, একজন উপপরিদর্শক (এসআই) ও তিনজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ৩০ জন পুলিশ সদস্য নিয়ে নৌ-ফাঁড়ির কার্যক্রম শুরু হবে। এই ফাঁড়ি মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন এলাকা, রামচন্দ্রপুর মৌজা ও চন্দ্রিমা রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ করবে। আজ বিকেল চারটায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির এটি উদ্বোধন করবেন। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন পুলিশের উপকমিশনার (তেজগাঁও বিভাগ) চৌধুরী মঞ্জুরুল কবির। পুলিশের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এই নৌ-পুলিশ ফাঁড়ি। ফাঁড়ি চালু হলে তুরাগ ও বুড়িগঙ্গা নদের একাংশে নৌযান নিরাপদে চলাচল করবে। একই সঙ্গে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার এক লাখ ২০ হাজার মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।