মহানগরে পাহাড়তলী শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় মহানগরের ছয় থানার মধ্যে পাহাড়তলী এবং ১৪ উপজেলার মধ্যে চন্দনাইশ উপজেলা পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে। এ ছাড়া জেলায় পাসের হার ৯৮ দশমিক ৭২।
এদিকে চট্টগ্রাম জেলায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৯। এতে পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে মহানগরের ডবলমুরিং থানা এবং উপজেলার মধ্যে সন্দ্বীপ উপজেলা।
গতকাল সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে জানান, প্রতিটি স্কুলেই এখন প্রস্তুতি হিসেবে প্রথম সাময়িক এবং বার্ষিক পরীক্ষা সমাপনী পরীক্ষার আদলে হয়। এ ছাড়া শিক্ষার্থীদের প্রতি বিদ্যালয়ের নজরদারি আগের তুলনায় অনেকে বাড়ার কারণেও ফলাফল ভালো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৩৩ হাজার ২৩৫ জন। পাস করেছে এক লাখ ৩১ হাজার ৫২৬ জন। অকৃতকার্য হয়েছে এক হাজার ৭০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৫৯১ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রাথমিক সমাপনী পরীক্ষায় গত বছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ৪৮ শতাংশ। জেলার অধীন ছয়টি থানা এবং ১৪ উপজেলার মধ্যে পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে চন্দনাইশ উপজেলা। এখানে পাসের হার ৯৯ দশমিক ৯৮। উপজেলার চার হাজার ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে চার হাজার ১৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৩৯ জন।
দ্বিতীয় স্থানে থাকা রাঙ্গুনিয়া উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ৯০। পাঁচ হাজার ৯৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ৯৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৯১ জন। তৃতীয় স্থানে থাকা মিরসরাইয়ে পাসের হার ৯৯ দশমিক ৬৪। সাত হাজার ২০৩ জনের মধ্যে পাস করেছে সাত হাজার ১৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০১ জন। সম্মিলিতভাবে চতুর্থ স্থানে থাকা পাহাড়তলী থানা মহানগরের মধ্যে শীর্ষে রয়েছে। এখানে পাসের হার ৯৯ দশমিক ৫৮। পাঁচ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে পাঁচ হাজার ২৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৬ জন।
এদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৩ হাজার ৩১৪ জনের মধ্যে পাস করেছে ২১ হাজার ৮২০ জন। অকৃতকার্য হয়েছে এক হাজার ৪৯৪ জন। চট্টগ্রাম জেলায় পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে মহানগরের ডবলমুরিং থানা। এখানে পাসের হার শতভাগ। ৩৩২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন। দ্বিতীয় অবস্থানে থাকা মহানগরের চান্দগাঁও থানায় পাসের হার ৯৯ দশমিক ৮৪। ৬২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। তৃতীয় স্থান দখলকারী সন্দ্বীপ উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ৮২। ৫৫৬ জনের মধ্যে পাস করেছে ৫৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।