কাগজে-কলমে তাঁরা বরিশাল সিটি করপোরেশনের নাগরিক। বাস্তবে কোনো ধরনের সুবিধা নেই তাঁদের। স্কুল-কলেজ, রাস্তাঘাট, বিদ্যুতের সুবিধা—কিছুই নেই। সিটি করপোরেশনে ২৬ নম্বর ওয়ার্ডের চরজাগুয়ার দেড় শতাধিক পরিবার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘চরজাগুয়া এলাকার কোনো লোক আমার কাছে আসেনি। ওখানে কী লাগবে, তা না জানালে প্রকল্প নেব কীভাবে। আবেদন করলে অবশ্যই ওই এলাকার উন্নয়নে প্রকল্প নেওয়া হবে।’
সাড়ে চার শ ভোটার-অধ্যুষিত চরজাগুয়াকে বরিশাল সিটি করপোরেশনের মূল ভূখণ্ড থেকে পৃথক করেছে কীর্তনখোলা ও সুগন্ধা নদী। নাগরিক সুবিধা না থাকলেও নগরের খাজনা, ট্যাক্স—সবই পরিশোধ করতে হচ্ছে তাঁদের। স্কুল, কলেজ, হাটবাজার করতে নদী পার হয়ে আসতে হয় মহানগরে। তা না হলে ঝালকাঠির নলছিটি উপজেলায় যেতে হয়।
চরজাগুয়ার বাসিন্দা আতহার আলী হাওলাদার বলেন, ‘মোরা সিটির বাসিন্দা। খাজনা, ট্যাক্স—সবই দিই। কিন্তু কিছুই পাই না। নদীর উত্তর পারে রাইতে আলো ঝলমল করে। মোরা থাহি আন্ধারে (অন্ধকারে)।’
মো. বেলায়েত হোসেন জানান, ১৪ বছর ধরে সিটিতে উন্নীত হলেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, যাতায়াতসহ সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ।
চরজাগুয়া হাওলাদার বাড়ির মো. মাহবুব হাওলাদার বলেন, এলাকায় পাকা সড়ক একটি। বাকি সব সড়ক কাঁচা। খালের ওপর চার-পাঁচ বছর আগে একটি লোহার সেতু ছিল। সেতু ভেঙে যাওয়ায় এলাকাবাসীকে নৌকায় পার হয়ে নলছিটি অথবা কীর্তনখোলা পাড়ি দিয়ে নগরে পৌঁছাতে হয়।
ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন হাওলাদার বলেন, ইউনিয়ন থাকাকালীন চরজাগুয়া বরিশালের সঙ্গে ছিল। সিটিতে উন্নীত হওয়ার পর তাঁরা সিটির নাগরিক। বড় নদী দ্বারা বিভক্ত হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।
বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থী মাসুদ রেজা জানান, গোটা চরজাগুয়া মৌজায় একটি ওষুধের দোকান পর্যন্ত নেই। সরকারি স্বাস্থ্যসেবা পেতে এখানকার বাসিন্দাদের বরিশাল নগরের মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘চরজাগুয়া সিটি করপোরেশনের মধ্যে নয়। তাই সিটির বাইরে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব নয়।’ পরে অবশ্য বলেন, ‘ওখানে একটি অংশ আছে শুনেছি। তবে তারা সিটি করপোরেশন থেকে কোনো স্বাস্থ্যসেবা পায় না। এমনকি ইপিআই সেবাও পায় না।’