মহানগরের বাসিন্দা, বিল দেন পল্লী বিদ্যুতের
রংপুর পৌরসভা থেকে সিটি করপোরেশনে রূপান্তর হয়েছে দুই বছরের বেশি সময় আগে। নগরের কিছু এলাকায় এখনো পল্লী বিদ্যুৎ রয়ে গেছে। এতে সিটি করপোরেশনের নাগরিক হয়েও বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন অনেকে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রংপুর কার্যালয় সূত্র জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ইউনিট-প্রতি বিল ৩ টাকা ৫৩ পয়সা। আর পল্লী বিদ্যুতের ৩ টাকা ৮৭ পয়সা। সিটি করপোরেশনে বসবাস করেও বর্ধিত (বর্তমানে সিটি) এলাকার নাগরিকদের এখনো ৩৪ পয়সা অতিরিক্ত বিল বেশি দিতে হচ্ছে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরের মধ্যে পল্লী বিদ্যুৎ থাকতে পারে না। পল্লী বিদ্যুৎ থেকে এ বিদ্যুৎ পিডিবির কাছে হস্তান্তর-প্রক্রিয়া চলমান। তবে কবে নাগাদ বাস্তবায়ন হবে তা জানা যায়নি।
সিটি করপোরেশন সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশনের আয়তন ২০৩ বর্গকিলোমিটার। লোকসংখ্যা প্রায় আট লাখ। মহানগর হওয়ার আগে পৌরসভার আয়তন ছিল মাত্র ৫২ বর্গকিলোমিটার। পৌরসভার ওই আয়তনের মধ্যে লোকসংখ্যা ছিল সাড়ে তিন লাখ। মহানগর হওয়ার পর আয়তন চার গুণ বেড়েছে। লোকসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। আগের পৌরসভার সব নাগরিকই পিডিবির বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর মহানগর হওয়ার পর যেসব এলাকা সিটি করপোরেশনভুক্ত হয়েছে, সেসব এলাকায় আগের সেই পল্লী বিদ্যুৎ রয়ে গেছে।

জানতে চাইলে সচেতন নাগরিক কমিটির সভাপতি মলয় কিশোর ভট্টাচার্য বলেন, রংপুর মহানগর হলো ঠিকই। কিন্তু নগরে এখনো পল্লী বিদ্যুৎ রয়ে গেল। এর ফলে বর্ধিত এলাকার নাগরিকদের বিদ্যুতের সমস্যা নিয়ে বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। এখনো অনেক এলাকার মানুষকে বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে।
নগরের বড়বাড়ি এলাকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা এখন সিটি করপোরেশনের নাগরিক। কিন্তু বিদ্যুতের বিল দিতে হয় পল্লী বিদ্যুতের। সিটির নাগরিক হওয়ার পরও বিদ্যুতের বিলের ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। এ বৈষম্য কবে দূর হবে?’
উত্তম এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের বাসিন্দা হয়েও দুই ধরনের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। সাবেক পৌরসভার লোকজন দিচ্ছে পিডিবির বিল। আর বর্ধিত এলাকার জনগণ বিল দিচ্ছে পল্লী বিদ্যুতের। এটা কেমন কথা? আমরা এ থেকে পরিত্রাণ চাই।’
রংপুরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিতরণ কেন্দ্র-২-এর নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্তুজা বলেন, ‘আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছে।’
এদিকে সিটি করপোরেশনের ৫২ বর্গকিলোমিটার এলাকায় পিডিবির বিদ্যুৎ থাকছে প্রায় সময়। কিন্তু ১৫১ বর্গকিলোমিটারে বিদ্যুৎ থাকছে মাঝেমধ্যে।
পল্লী বিদ্যুতের ওপর ক্ষোভ প্রকাশ করে নগরের বাহারকাছনা এলাকার ব্যবসায়ী ফজলুল হক বলেন, ‘আমরা সিটি করপোরেশনের নাগরিক হয়ে সিটির সুযোগ-সুবিধা পাচ্ছি না। তার ওপর লোডশেডিং থাকে ঘণ্টার পর ঘণ্টা। এমনিতেই বিদ্যুতের বিল বেশি, তার ওপর বিদ্যুতের ভোগান্তি।’
কুকরুল এলাকার সাহিত্যিক জি এম নজু বলেন, ‘পল্লী বিদ্যুৎ হওয়ায় আমাদের বাড়ি থাকে অন্ধকারে, আর এর পাশেই লাগোয়া নিউ জুম্মাপাড়া এলাকায় পিডিবির বিদ্যুৎ থাকছে প্রায় সব সময়।’
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, নগর এলাকায় পল্লী বিদ্যুৎ থাকতে পারে না। এ জন্য মেয়রের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছেন তাঁরা। সেখান থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।