মহানগরের শীর্ষ নেতারা প্রার্থিতা নিয়ে বেশি ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন জোরদার না করে রাজশাহী মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আজিজুর রহমান, সহসভাপতি আবদুল গফুর, উপদেষ্টা শাহীন শওকত, সহসভাপতি তোফাজ্জল হোসেন, মাইনুল আহসান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক মামুন অর রশীদ, আলাউদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। তবে ‘জরুরি কাজ’ থাকায় সংবাদ সম্মেলনে নাদিম মোস্তফা উপস্থিত হতে পারেননি বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে কামরুল মনির তাঁর বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমানকে ইঙ্গিত করে বলেন, মহানগর বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জেলার পবা-মোহনপুর ও বাঘা-চারঘাট সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থী হিসেবে বিভিন্ন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করছেন। অপরদিকে দলীয় প্রধান এবং দলের মনোনয়ন বোর্ড ছাড়া অন্য কেউ প্রার্থিতা ঘোষণা করতে পারেন না, যা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড। নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত থেকে আগামী নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাজশাহী নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক আগামী সংসদ নির্বাচনে নিজেকে পবা-মোহনপুর আসনের দলীয় প্রার্থী হিসেবে দাবি করে বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন। আর তাঁকে পরিচয় করিয়ে দিচ্ছেন মিজানুর রহমান।