মহানন্দা এক্সপ্রেস চালু রাখার দাবিতে স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জ-খুলনা রেলপথের মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি চালু রাখার দাবিতে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।একই সঙ্গে ট্রেনটি এই রেলপথ থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গতকালও চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে শহরের পুরাতন বাজার থেকে মহানন্দা ট্রেন রক্ষা কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলার বিভিন্ন বাজারের সবজি ও মাছ ব্যবসায়ী ছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশ নেন।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আবদুল মতিন, শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ, মাছ ব্যবসায়ী ইয়াদুল, কাঁচামাল ব্যবসায়ী ইউনুস আলী, আম ব্যবসায়ী সমিতির পক্ষে কামাল হাসান প্রমুখ বক্তব্য দেন।পরে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ট্রেনটি প্রত্যাহার করা হলে বিভিন্ন স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জে আসা কাঁচামালের দাম বাড়বে। এতে সাধারণ মানুষের ব্যয় অনেকাংশে বেড়ে যাবে।