মহানন্দা ট্রেনে আগুন ঝাঁপ দিতে গিয়ে ৩০ যাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে গতকাল মঙ্গলবার আগুন ধরে যায়। এ সময় ভয়ে জানালা দিয়ে ঝাঁপ দিতে গিয়ে ট্রেনের এক টিকিট পরীক্ষকসহ (টিটিই) অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। রাজশাহীর সারদা রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।ট্রেনের যাত্রীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি রাজশাহীর বেলপুকুর রেলস্টেশন থেকে ছেড়ে আসার পরপরই এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি টের পেয়ে চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণে আনেন। ইঞ্জিনের পাশের একটি বগি থেকে শহীদুল ইসলাম (৩৫) নামের একজন টিটিই ঝাঁপ দিয়ে নিচে নেমে ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় ধীরগতিতে ট্রেন চলছিল। তাঁর চিৎকার শুনে এবং ধোঁয়া দেখে যাত্রীরা দরজা ও জানালা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়েন। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে ওই টিটিইয়ের হাত কেটে গেছে।রিপন নামের একজন যাত্রী জানান, ঝাঁপ দিতে গিয়ে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। কারও পা মচকে গেছে, কারও চামড়া ছড়ে গেছে। পরে ট্রেনটি ধীরে ধীরে সারদা স্টেশনে এসে দাঁড়ায়।ট্রেনে কর্তব্যরত টিটিই দেলোয়ার হোসেন বলেন, এই ট্রেনের পেছনে আরেকটি ইঞ্জিন অতিরিক্ত ছিল। সারদা স্টেশনে এসে পেছনের ইঞ্জিন সামনে লাগিয়ে এক ঘণ্টা পর আবার এটি ছাড়া সম্ভব হয়। তিনি জানান, সামান্য আহত হলেও কারও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।