মহানন্দার তীরে সূর্যপূজা

ভোর থেকে বুকসমান পানিতে হাত জোড় করে প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তাঁরা। পুব আকাশে চোখ তাঁদের, সূর্য ওঠার অধীর অপেক্ষায়। কিন্তু কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশে সূর্যের আর দেখা মেলে না। মাঝেমধ্যেই শঙ্খের আওয়াজের সঙ্গে চলছে উলুধ্বনি। অনবরত বেজে চলেছে ঢাক। অবশেষে সকাল সোয়া সাতটার দিকে সূর্যের দেখা মিললে শেষ হয় পূজা।
গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর কাছে মহানন্দা নদীতে এ দৃশ্য দেখা যায়। পৌরসভার হরিজনপল্লির নারী ও পুরুষেরা সেখানে সূর্যপূজা করছিলেন। এটি ‘ছট পূজা’ নামেও পরিচিত।
শুক্রবার বিকেলেও সেখানে পূজা হয়। বিকেল সাড়ে চারটা থেকে সূর্যাস্ত পর্যন্ত পানিতে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করেন হরিজনপল্লির লোকজন। এর আগে বাড়িতে পূজার কিছু আনুষ্ঠানিকতা করেন তাঁরা। এরপর পূজার প্রসাদ কুলায় সাজিয়ে ঢাকঢোল বাজিয়ে হেঁটে মহানন্দা নদীর দিকে রওনা হন।
পৌরসভার হরিজন কলোনির মোড়ল রুবেল হাড়ি ও কোর্টপাড়া হরিজনপল্লির মোড়ল নাদিম চন্দ্র হাড়ি বলেন, অনেক আগে থেকেই হরিজনদের মধ্যে চলে আসছে সূর্যপূজার চল। পরিবারের সদস্যদের রোগমুক্তি, চাওয়া-পাওয়া বা সন্তানসন্ততির আশায় সূর্য দেবতার পূজা দেওয়ার মানত (অঙ্গীকার) করে সূর্যপূজা করা হয়। পরিবারভিত্তিক এ পূজা হয়। তবে গ্রামের সবাই নদীপারে একসঙ্গে যাওয়া-আসা করেন। পূজার প্রসাদ ফলমূল ও মিষ্টান্ন সবার মধ্যে বিতরণ করা হয়। শ্যামপূজার (কালীপূজা) প্রতিমা বিসর্জনের ছয় দিনের মধ্যেই শেষ করতে হয় সূর্যপূজা। রাত থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পূজার রাতে প্রসাদ খাওয়ার পর শুরু হয় ওই পরিবারের নারী-পুরুষের উপবাস। পরদিন বিকেলে নদীর উদ্দেশে যাত্রা করতে হয়।