মহানবী (সা.)-এর পবিত্র দাড়ি মোবারক প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র দাড়ি মোবারক গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে প্রদর্শিত হয়েছে। মহানবীর দাড়ি মোবারক দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।গতকাল সকাল ১০টা থেকে এ প্রদর্শনী শুরু হয়। মহানবী (সা.)-এর দাড়ি মোবারক দেখতে হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমান। তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়াম থেকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সামনে প্রদর্শনের জন্য এই পবিত্র দাড়ি মোবারক আনা হয়। এর আগে গত শুক্রবার প্রথমবারের মতো এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দর্শকদের অনুরোধে দ্বিতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হয়।এদিকে গতকাল বায়তুল মোকাররম মসজিদের উত্তর চত্বরে মহানবী (সা.)-এর ব্যবহূত দ্রব্যাদিসহ ইসলামি নিদর্শনের আলোকচিত্র প্রদর্শিত হয়। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রদর্শনীতে ইরান ও তুরস্কের ঢাকা দূতাবাস থেকে পাওয়া ইসলামি ক্যালিগ্রাফি স্থান পায়। প্রদর্শনীতে রাসুল পাক (সা.)-এর পবিত্র চুল, জুতা, চপ্পল, দন্ত মোবারক সংরক্ষণের পাত্র ও সিন্দুক, অজুুর জন্য ব্যবহূত পানির বোতল, কবরের আচ্ছাদন ইত্যাদির আলোকচিত্র স্থান পায়। এ ছাড়া হজরত ফাতিমা (রা.) ও হজরত হুসাইন (রা.)-এর পোশাক, ইউসুফ (আ.)-এর পাগড়ি, হজরত উসমান (রা.) ও খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর তরবারি এবং পবিত্র কাবাঘরের তালা-চাবির আলোকচিত্র প্রদর্শিত হয়।উল্লেখ্য, মহানবী (সা.)-এর ব্যবহার্য দ্রব্যাদির আলোকচিত্র, জীবনীভিত্তিক পোস্টার ও ইসলামি ক্যালিগ্রাফি প্রদর্শনীর গতকালই ছিল শেষ দিন।