মহানবী (সা.)-এর মহত্ত্ব নিয়ে আজ হেফাজতের আলোচনা
আজ শুক্রবার সারা দেশে নফল রোজা পালন ও জুমার নামাজের পর মসজিদ চত্বরে এক ঘণ্টা অবস্থান করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মহত্ত্ব নিয়ে আলোচনা করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।পূর্বঘোষিত এই কর্মসূচি পালন করার জন্য দেশের সব মুসলমানের প্রতি গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী ও সদস্যসচিব জুনাইদ আল হাবিব। বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম ও আল্লামা আহমদ শফীকে নিয়ে সরকার আলেম নামধারী একশ্রেণীর ব্যক্তিদের দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আগামী ৬ এপ্রিল হেফাজতে ইসলামীর ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচিতে সরকার যদি কাউকে দিয়ে সংঘর্ষ বাধায়, এর দায় সরকারকেই বহন করতে হবে।৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে হেফাজতে ইসলাম এসব কর্মসূচি ঘোষণা করে। কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি ও ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন প্রণয়নসহ ১৩ দফা দাবিতে সংগঠনটি আগামী ৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চের কর্মসূচি দিয়েছে।এদিকে ঢাকামুখী লংমার্চ কর্মসূচি সফল করতে হেফাজতে ইসলামের নেতারা সাতটি বিভাগে সফরে যাবেন। গতকাল হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মাদ্রাসাটির অধ্যক্ষ শাহ আহমদ শফি।ইসলামী ঐক্যজোট: আজ বাদ জুমা লালবাগের শাহী মসজিদে শানে রেসালাতের ওপর এক ঘণ্টা আলোচনা ও নফল রোজা রেখে বিশেষ মোনাজাত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। গতকাল দলটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।খেলাফত মজলিস: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ হুমায়ুন কবির গতকাল এক বিবৃতিতে ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।