আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহানবী (সা.)-কে নিয়ে কোনো কটূক্তি বরদাশত করা হবে না। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। এ জন্য কোনো আন্দোলন করতে হবে না। গতকাল রোববার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরাও তো মুসলমান। ইসলাম নিয়ে কেউ কটাক্ষ করলে আমাদের অনুভূতিতেও আঘাত আসে। আমার ধর্মের মর্যাদা কীভাবে রক্ষা করতে হবে, তা ভালো করেই জানা আছে। এ জন্য আমরা ইউটিউব বন্ধ করে দিয়েছি। এর জন্য কারও আন্দোলন করতে হয়নি।’ তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থায় বিএনপির দম বন্ধ হয়ে আসে। এ জন্যই দলটি সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করার আহ্বান জানায়। শেখ হাসিনা বলেন, ‘অনেক কষ্ট করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। দেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন পরিবেশে থাকতে চায়।’ বিরোধী দল ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশবাসীকে তাদের প্রতিরোধ করার আহ্বানও জানান।শেখ হাসিনা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে বিরোধী দল আত্মঘাতী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বাংলাদেশের জিএসপি-সুবিধা বাতিল করতে এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন যেতে না পারে, সে জন্যও তারা অপপ্রচার চালাচ্ছে।খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, লালমনিরহাটের প্রাথমিক শিক্ষার্থীদের কী অপরাধ। প্রাথমিক বিদ্যালয়ে হামলা কেন? মেডিকেলের শিক্ষার্থীর কী অপরাধ? বোমায় তাঁর চোখ নষ্ট হলো কেন? ছোট বাচ্চার ওপর বোমা মারছেন, পুলিশকে পিটিয়ে ও বোমা মেরে হত্যা করছেন। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষার সময় হরতাল দিয়ে তাদের শিক্ষাজীবন ব্যাহত করেছেন। উনি চান না জাতি শিক্ষিত হোক। সচেতন হোক। উনি চান, সবাই তাঁর মতো স্বশিক্ষিত থাকুক।’প্রধানমন্ত্রী বলেন, উনি যেখানে সফরে যাবেন, তার আগে সেখানে মন্দির ভাঙেন। পরে সমবেদনা জানান। আগে কাটেন, পরে মলম লাগান। তিনি বলেন, ‘পাকিস্তান আমলের মতো “জয় বাংলা” বলে অনেক সময় মন্দিরে হামলা চালানো হয় আমাদের ঘাড়ে দোষ দেওয়ার জন্য। ওনার কথায় তা ধরা পড়ে গেছে।’