মহানবী (সা.) সম্পর্কে বিভ্রান্তিমূলক বই বিতরণ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী (সা.) সম্পর্কে বিভ্রান্তিমূলক বিভিন্ন বই ও প্রচারপত্র বিতরণের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে ওই ব্যক্তির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। ওই ব্যক্তির নাম তৌহিদ আহাম্মেদ চৌধুরী। তিনি চুনারুঘাট উপজেলার জামালপুর গ্রামের আবদুন নূর চৌধুরীর ছেলে। তৌহিদ স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ফায়ারম্যান হিসেবে কর্মরত। মাধবপুর থানার পুলিশ গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাধবপুর উপজেলার পৌর দাখিল মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম মিয়া জানান, তৌফিক কয়েক দিন ধরে মহানবী (সা.) সম্পর্কে বিভ্রান্তিমূলক বিভিন্ন বই ও প্রচারপত্র বিতরণ করে আসছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত মঙ্গলবার সকাল থেকে স্থানীয় মুসলমানদের মধ্যে ক্ষোভ শুরু হয়। ওই দিন বিকেলে তৌহিদ আবার প্রচারপত্র বিতরণ শুরু করলে জনতা তাঁকে মারধর করে। একপর্যায়ে তিনি ফায়ার সার্ভিস কার্যালয়ের ভেতরে গিয়ে আত্মরক্ষা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনতা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে।এদিকে ঘটনার পর মঙ্গলবার রাতে তৌফিকের শাস্তির দাবিতে মাধবপুর উপজেলা সদরে প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে জনতা ওই ফায়ার সার্ভিস স্টেশন ও সিলেট-মাধবপুর সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তেক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রথম আলোকে জানান, তৌফিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় তৌফিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।