মহানবীর (সা.) রওজা জিয়ারত করেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত রোববার দিবাগত রাতে মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মুবারক জিয়ারত করেছেন। তিনি বর্তমানে ১০ দিনের এক সফরে সৌদি আরবে অবস্থান করছেন। খবর ইউএনবির। বিএনপির সৌদি আরব শাখা সূত্রে এ খবর জানা গেছে। সূত্র জানায়, মহানবী (সা.)-এর রওজা মুবারক জিয়ারতের আগে বিরোধীদলীয় নেতা মসজিদে নববিতে ওই দিনের এশা ও তারাবি নামাজ আদায় করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন তাঁর দেশ ও দেশের জনগণ এবং মুসলিম উম্মাহর সৌভাগ্য, অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন। সূত্র জানিয়েছে, খালেদা জিয়া মদিনার সৌদি রাজপ্রাসাদে তিন দিন অবস্থান করবেন। পরে সেখান থেকে ওমরাহ হজ আদায়ের উদ্দেশ্যে কাবা শরিফে যাবেন। গত শুক্রবার সন্ধ্যায় তিনি আমিরাত এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা থেকে সৌদি আরবে যান। আগামী ৬ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে। bখালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তাঁর ছোট ভাই শামিম এস্কান্দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, ব্যক্তিগত সচিব এ এস এম সালেহ আহমেদ প্রমুখ।